নিজেকে জীবিত প্রমাণে এভাবেই উপজেলা নির্বাচন অফিসে এসেছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ আব্দুল হক হাওলাদার © সংগৃহীত
কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাইয়ে দেখা গেল, তিনি মৃত। অথচ বাস্তবে তিনি জীবিত। নিজের জীবিত থাকার প্রমাণ দিতে এবার ছুটতে হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে। এমনই এক অদ্ভুত বিড়ম্বনার শিকার হয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার।
সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। এখন নিজের অস্তিত্ব প্রমাণ করে এনআইডি সংশোধনের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন এই বৃদ্ধ।
ঘটনাটি রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের। আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। আব্দুল হক হাওলাদারের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যায়, সরকারি তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তিনি স্বাভাবিকভাবেই জীবিত রয়েছেন।
বিষয়টি জানার পর প্রথমে বিস্মিত হন আব্দুল হক ও তাঁর পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলে সেখানকার তথ্যেও তাঁকে মৃত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি জানতে পারেন। ফলে জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত পরিচয়ের কারণে কৃষক কার্ডের আবেদনসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর।
সরকারি নথিতে জীবিত একজন মানুষকে মৃত হিসেবে দেখানোর ঘটনায় পরিবারটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৃষক কার্ডের মতো সরকারি সুবিধা গ্রহণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইডির তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার মিল না থাকলে কৃষি সহায়তা, বিভিন্ন সরকারি ভাতা, ব্যাংকিং কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে।
এ ঘটনায় কীভাবে আব্দুল হক হাওলাদারকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য সংগ্রহ বা তথ্য হালনাগাদের সময় কোনো ভুলের কারণে এমনটি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, নিজের জীবিত থাকার তথ্য সরকারি নথিতে পুনরায় অন্তর্ভুক্ত করতে উপজেলা নির্বাচন অফিসে এসেছেন আব্দুল হক হাওলাদার। তাঁর পরিবারের প্রত্যাশা, দ্রুত যাচাই-বাছাই করে এনআইডির ভুল তথ্য সংশোধন করা হবে এবং তাঁকে স্বাভাবিক নাগরিক সেবা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।
নিজেকে জীবিত প্রমাণ করতে নির্বাচন অফিসে এসে আব্দুল হক হাওলাদার বলেন, ‘আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে (মৃত বানিয়ে) দিছে। এ মিথ্যা তথ্য কারা দিল? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন অফিসে আসছি। স্যারদের সঙ্গে কথা বলব, আমাকে কেন মৃত বানাল? আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।’
আব্দুল হক হাওলাদারের স্ত্রী মোসা. সাহেরা খাতুন বলেন, ‘আমার স্বামীরে নিয়ে নির্বাচন অফিসে আসলাম জীবিত বানাতে। আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে তিনি মৃত। আমরা তো বুঝতে পারিনি যে এমন ভুল হয়েছে। এখন এই ভুল সংশোধন করতে অফিসে আসতে হচ্ছে।’
আব্দুল হক হাওলাদারের নাতি মো. হাসনাত বলেন, ‘নানা বেঁচে আছে, কিন্তু আইডি কার্ডে দেওয়া মৃত। হয়ত যারা মাঠ জরিপ করে তারা এই ভুল তথ্য দিছে। অথচ কেউ আমাদের কাছে আসে নাই, কিছু জিজ্ঞেস করে নায়। আমাদের কাছে কোনো কিছু না বলে এই মিথ্যা তথ্য দিছে, যার জন্য এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে নির্বাচন অফিসে এসে নানার হাতের আঙুলের ফিঙ্গার দিয়েছি।’
রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি এনআইডি কার্ডে মৃত সমস্যা নিয়ে আসছেন।তার হাতের আঙুলের ফিঙ্গার দিয়ে আবেদন করা হয়েছে। এটা ঠিক করে দেওয়া হবে।