চট্টগ্রামের চন্দনাইশে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশুর © সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির সামনে গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আবদুল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ স্থানীয় পশ্চিম জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ সোহেল বৈলতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজিচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে থাকা তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে আবদুল্লাহ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।
পরিবারের পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে আবদুল্লাহ ছিল একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।