যশোরে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ, রপ্তানির স্বপ্ন দেখছেন উদ্যোক্তা

১২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ PM
কৃষি উদ্যোক্তা সরোয়ার হোসেনের ভ্যানিলা বাগান

কৃষি উদ্যোক্তা সরোয়ার হোসেনের ভ্যানিলা বাগান © সংগৃহীত

জাফরানের পরেই বিশ্বে দামি মসলার তালিকায় রয়েছে ভ্যানিলা। যশোরের চৌগাছা উপজেলার স্বর্পরাজপুর গ্রামে বাণিজ্যিকভাবে এই মসলার চাষ করছেন কৃষি উদ্যোক্তা সরোয়ার হোসেন। ২০২২ সালে পাঁচ কাঠা জমিতে শুরু করা তার বাগানের ১৭টি গাছে এবার ফল এসেছে। আগামী সপ্তাহে এসব ভ্যানিলা বিন সংগ্রহ করবেন তিনি। উৎপাদিত ভ্যানিলার গুণগত মান পরীক্ষার পর আন্তর্জাতিক বাজারে রপ্তানির স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা।

ভ্যানিলা মূলত একটি লতাজাতীয় অর্কিডের ফল, যা ভ্যানিলা বীজ (বিন) বা ভ্যানিলা ফল নামেও পরিচিত। কাঁচা ভ্যানিলা বীজের সুবাস থাকে না। পরিপক্ব হওয়ার পর গাছ থেকে সংগ্রহ করে দীর্ঘ সময় ধরে প্রক্রিয়া করা হয়। এরপর বিশেষ সেই ঘ্রাণ তৈরি এবং সেখান থেকে ভ্যানিলা নির্যাস সংগ্রহ করা হয়। ভ্যানিলার সবচেয়ে বেশি ব্যবহার খাদ্য ও পানীয় শিল্পে। কেক, বিস্কুট, মাফিন ও পেস্ট্রির পাশাপাশি আইসক্রিম, দই, কাস্টার্ড, ফ্লেভারড দুধ, ক্যান্ডি, চকলেট, বিভিন্ন দানাদার খাবার প্রভৃতিতে ভ্যানিলার ব্যবহার রয়েছে। সুগন্ধি, প্রসাধনী ও ওষুধশিল্পেও ভ্যানিলার ব্যবহার আছে। তবে ভ্যানিলার স্বাদযুক্ত সব পণ্যেই প্রাকৃতিক বিন ব্যবহার করা হয় না; কৃত্রিম ভ্যানিলাই বেশি ব্যবহৃত হয়।

কৃষি উদ্যোক্তা সরোয়ার হোসেনই প্রথম যশোরে বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষ করছেন বলে তার দাবি। সরোয়ার হোসেন তার গ্রামে ফলের বাগান করছেন দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে। প্রথমদিকে তিনি ১৩ বিঘা জমিতে আমের বাগান করেন। এরপর ড্রাগন। দুই বছর আগে রাম্বুটানের চারা রোপণ করেন, রয়েছে পেঁপে বাগানও। ২০২২ সালে তিনি পাঁচ কাঠা জমিতে ভ্যানিলার আবাদ শুরু করেন। প্রথমবার ৫০ পিস চারা, যার মধ্যে ১৩টি মারা যায়। চার ধাপে চাষ করা বর্তমানে ভ্যানিলা রয়েছে ১৬৫ পিস, যার মধ্যে ১৭টি গাছে ফল বা বিন এসেছে।

তিনি বলেন, ‘এই অঞ্চলে নজরুল ইসলাম প্রথম পরীক্ষামূলক ভ্যানিলার চারা রোপণ করেন। তার সঙ্গে আলাপ করে ভ্যানিলা চাষ শুরু করি। তিনিই আমাকে প্রথমদিকে অল্প চারা দিয়ে শুরুর পরামর্শ দেন।’তিনি জানান, সারাবিশ্বে শেড ও বাগান পদ্ধতিতে ভ্যানিলা চাষ হয়। শেড পদ্ধতিতে খরচ দ্বিগুণ। পরীক্ষামূলক বাগানে এই চাষ করে সফল হয়েছেন। দেশে হাজার হাজার বিঘা ছায়াযুক্ত পতিত জমি (আম, কাঁঠাল, জাম, সুপারি, মেহগনির বাগান) রয়েছে। সেখানে ভ্যানিলা চাষ করা সম্ভব। কেননা এই প্রজাতি আধো ছায়া আধো আলোযুক্ত স্থানে বিশেষ করে যেখানে আর্দ্রতা বেশি সেখানে ভালো হয়। বাংলাদেশে ভ্যানিলা হবে না—এ রকম কোনো জায়গা নেই। এখন দরকার উৎপাদন বাড়ানো। দেশে যদি ১০০ কৃষককে প্রয়োজনীয় ভ্যানিলা কাটিং দেওয়া হয়, তাহলে চার থেকে পাঁচ বছর পর এক হাজার কেজি ভ্যানিলা বিন রপ্তানির জন্য প্রস্তুত করা সম্ভব। তখন আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশে আসতে শুরু করবে। 

চাষ পদ্ধতি
অর্কিডজাতীয় এই উদ্ভিদ মাটিতে হয় না। এর জন্যে ‘মাদা’ প্রস্তুত করতে হয়। এটি সাপোর্ট পুল বা গাছে জন্ম নেয় এবং দ্রুত বৃদ্ধি পায়। সে কারণে ৯ ইঞ্চি পরিমাণ মালস (অর্গানিক ডিকম্পোজড মিডিয়া) বিছাতে হয়। এটি তৈরিতে কোকো পিট, কাঠের গুঁড়া, দুই ধরনের ধানের চিটা, পতিত জমির মাটির উপরের অংশ, জৈবসার, কয়লা এবং বিভিন্ন ধরনের পচা পাতার গুঁড়া ব্যবহার করতে হয়। এই মালস এমন হবে যেন তার শিকড় সহজেই ‘মুভ’ করতে পারে। এভাবে তিন মাস রেখে মালস প্রস্তুত করতে হয়। ছয় মাস পর চারা বা ডাইন তাতে রোপণ করা উত্তম। এর লতা যেন ঠিকমতো বাড়তে পারে সেকারণে পুল, গাছ বা মসৃণ পাইপে উঠিয়ে দিতে হয়। রোপণের পর মাটির আর্দ্রতা ঠিক রাখতে সপ্তাহে দুইদিন পানির স্প্রে করা লাগে। এভাবে ৩০-৪০ দিনের মধ্যে গাছের নতুন শিকড় বা শাখা তৈরি হয়।

কখন ফুল ও ফল আসে
ভ্যানিলা চারা (কাটিং) রোপনের দুই থেকে তিন বছর পরে গাছে ফুল আসে। ফুল ফুটে কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এই সময়ের মধ্যে পরাগায়ন করতে হয়। মার্চে ফুল এলে নভেম্বর-ডিসেম্বর নাগাদ ভ্যানিলা বিন হারভেস্ট করা যায়।ফল সংগ্রহের পর আরও অনেক কাজ থাকে। সুগন্ধি মসলা হিসেবে বিক্রির উপযোগী করতে ফল প্রক্রিয়াজাত ও শুকাতে হয়। প্রথমে ৬০ ডিগ্রি গরম পানিতে তিন মিনিটের জন্য রাখা হয়। এরপর ২৪ ঘণ্টা তা একটি বাক্সের মধ্যে রেখে ফারমেন্টেশন বা গাঁজন করা হয়। এ অবস্থায় সবুজ ভ্যানিলা বিন কালো রং ধারণ করে।পরবর্তী এক মাস নিয়ম করে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে রোদে শুকানো হয়। এভাবে ভ্যানিলার নির্যাস প্রস্তুত হয়। পরবর্তী সময়ে এই নির্যাস প্রক্রিয়াজাত করে ভ্যানিলার স্বাদ ও সুগন্ধির উপাদান বের করা হয়।

বিপণন কেমন হবে
সরোয়ার হোসেন জানান, তার ক্ষেতে এখন যত ভ্যানিলা বিন রয়েছে, তাতে দুই কেজির মতো ভ্যানিলিন (ভ্যানিলার প্রধান সুগন্ধি যৌগ) পাওয়া যাবে। কিন্তু এই বিন যে আন্তর্জাতিকমানের, তা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। আমেরিকা ও জাপানি বায়ারদের সঙ্গে এ বিষয়ে তার আলাপ হয়েছে। বিন প্রক্রিয়াজাত করে তা ল্যাব টেস্টের জন্যে বাংলাদেশ খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে পাঠানো হবে। তাদের সার্টিফিকেট দেখে যদি এর গুণগতমানে বায়াররা সন্তুষ্ট হয়, তখনই মূলত তারা ভ্যানিলার দাম নির্ধারণ করবে। এই কারণে তিনিসহ বাংলাদেশে আরও যে সাতজন উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তারা একত্রে সিদ্ধান্ত নেবেন। তবে, আপাতত দেশের বিভিন্ন সুপারশপে ভ্যানিলা বিন সরবরাহের চিন্তা রয়েছে তার।

প্রথম চাষ
এই অঞ্চলে ভ্যানিলা চাষ পরীক্ষামূলকভাবে শুরু করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের কৃষি উদ্যোক্তা নজরুল ইসলাম। তিনি ২০১৯ সালে পাঁচটি কাটিং দিয়ে শুরু করেন। বর্তমানে তার ৬৫টি গাছ রয়েছে। ২০২২ সালে তার গাছে প্রথম ফল আসে। ভ্যানিলা চাষে বেশ প্রতিবন্ধকতা রয়েছে দাবি করে তিনি বলেন, এটি সন্তান লালন-পালনের মতোই। প্রতিনিয়ত যত্ন নিতে হয়।

নজরুল ইসলাম বলেন, ‘জাফরানের পরেই বিশ্বে ভ্যানিলার কদর। সেক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ পেলে আমাদের দেশেই ভ্যানিলা চাষ সম্ভব এবং এই খাত থেকে বৈদেশিক মুদ্রাও আয় করা যাবে। দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে যারা কৃত্রিম ভ্যানিলা আমদানি ও ব্যবহার করেন, তারা যদি আমাদের উৎপাদিত অর্গানিক ভ্যানিলা ব্যবহার করেন, তবে তা দেশের অর্থনীতির জন্যে ইতিবাচক হবে।

তিনি বলেন, সরকার সহযোগিতা করলে আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫০০ থেকে এক হাজার কেজি বিন উৎপাদন সম্ভব। তখন বায়াররা আকৃষ্ট হবে। কেননা এর আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। সরোয়ার হোসেন ও নজরুল ইসলাম ছাড়াও চুয়াডাঙ্গার হুমায়ুন কবীর, সিলেটের আবুল খায়ের, পার্বত্য চট্টগ্রামের অ্যানি মং ও মাস্টার দাদা এবং বগুড়া মসলা গবেষণা ইনস্টিটিউটের ড. ফাহিম ফয়সল ভ্যানিলা চাষ করছেন বলে জানান তারা।

এ বিষয়ে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম বলেন, ‘ভ্যানিলা খুবই সম্ভাবনাময়। ভ্যানিলার পরাগায়নে এক ধরনের মাছি কাজ করে। কিন্তু আমাদের দেশে সেই মাছি নেই। সে কারণে হাতেই পরাগায়ন করতে হচ্ছে। এখন দেখতে হবে, ভ্যানিলা ফলের উৎপাদন কেমন। সবচেয়ে বড় কথা, ভ্যানিলা ফল পেতে কমপক্ষে তিন বছর অপেক্ষা করতে হয়। তা ছাড়া সেই ফলের প্রক্রিয়াজাতকরণও সময়সাপেক্ষ। উৎপাদন ভালো হলে আমরা প্রকৌশল বিভাগকে বিষয়টিতে সহযোগিতার জন্যে বলতে পারব। আর মার্কেটিংয়ের বিষয়টি উদ্যোক্তাদেরই নিতে হবে।’

নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রের তথ্যে নতুন পরিবর্তন
  • ১২ নভেম্বর ২০২৬
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950