ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ

১২ নভেম্বর ২০২৬, ০২:১৫ PM
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে নির্মিতব্য দৃষ্টিনন্দন কেওয়াটখালী সেতুর কাজ শুরুতে ধীরগতিতে এগোলেও বর্তমানে প্রকল্প এলাকায় চলছে কর্মযজ্ঞ। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ। সংশ্লিষ্টদের লক্ষ্য, ২০২৮ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করা।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ৩ হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় মূল সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ১ কিলোমিটার। এর মধ্যে ৩২০ মিটারজুড়ে থাকবে স্টিল আর্চ। সেতুর দুই প্রান্তে পিলার থাকলেও নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না। সংযোগ সড়কসহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য ৬ দশমিক ২ কিলোমিটার।

সেতুটিতে থাকছে ছয় লেনের সড়ক যোগাযোগব্যবস্থা। এ ছাড়া ৫৫১ মিটার সড়ক ওভারপাস, ২৪০ মিটার রেলওয়ে ওভারপাস, টোল প্লাজা, বিশ্রামাগার, ওয়াচটাওয়ার ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ করা হবে। ধীরগতির যানবাহনের জন্যও থাকবে পৃথক লেন।

প্রকল্পের শুরুতে ভূমি অধিগ্রহণ, বিদ্যুতের খুঁটি, গ্যাসলাইনসহ বিভিন্ন ইউটিলিটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো কর্মস্থল বুঝিয়ে দিতে না পারায় নির্মাণকাজ ব্যাহত হয়। পরে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ও কারিগরি কিছু জটিলতায় কয়েক মাস কাজের গতি আরও কমে যায়। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

কেওয়াটখালী সেতু প্রকল্পের পরিচালক মো. দিদারুল আলম তরফদার বলেন, শুরুতে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে অনেক সময় ব্যয় হওয়ায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে এসব জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড।

সেতুটি চালু হলে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় যানজটের চাপ কমবে বলে আশা করছেন পরিবহনচালকেরা। বাসচালক হাসেম উদ্দিন বলেন, বর্তমানে কয়েকটি জেলার যানবাহনকে পাটগুদাম সেতু হয়ে নগরে প্রবেশ করতে হয়। এতে বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। কেওয়াটখালী সেতু চালু হলে যানবাহন চলাচলে বিকল্প পথ তৈরি হবে। এতে চালক ও যাত্রীদের সময় বাঁচার পাশাপাশি ভোগান্তিও কমবে।
আরও এক বাসচালক রুহুল কবির বলেন, নতুন সেতুটি চালু হলে রাজধানীসহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। এতে পরিবহন খাতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, কেওয়াটখালী স্টিল আর্চ সেতু চালু হলে নগরীর যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে, ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। সেতুটিকে কেন্দ্র করে নগর সম্প্রসারণ, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নগরীর যানজটও কমবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, কেওয়াটখালী সেতু এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কেওয়াটখালী সেতু প্রকল্প অনুমোদন পায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয় মূল নির্মাণকাজ। প্রাথমিকভাবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। তবে নানা জটিলতায় নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না। বর্তমানে ২০২৮ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসি সাপ্লিমেন্টারির রুটিন প্রকাশ
  • ১২ নভেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের শতাধিক ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950