সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ, থমকে যাওয়ার শঙ্কায় সাতক্ষীরার পর্যটন

১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ PM
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় © সংগৃহীত

‘সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন’। এই স্লোগানকে সামনে রেখে পর্যটন মানচিত্রে বিশেষ পরিচিতি পেয়েছে সাতক্ষীরা। বাংলাদেশের একমাত্র জেলা সাতক্ষীরা, যেখান থেকে সড়কপথে সুন্দরবনের কাছাকাছি পৌঁছানো যায়। এমনকি গাড়িতে বসেই উপভোগ করা যায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য। অথচ সেই সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা সাতক্ষীরার পর্যটনশিল্প এখন নতুন সংকটের মুখে। পর্যটক নিখোঁজ ও মৃত্যুর একটি ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, বোট মালিক, ট্রলার মালিক ও ট্যুর গাইডরা। তাদের আশঙ্কা, এক সিদ্ধান্তেই থমকে যেতে পারে সাতক্ষীরার সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের অগ্রযাত্রা।

জানা গেছে, গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু থাকলেও কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখা হয়েছে। ফলে সুন্দরবনের গভীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা এবং বনের মধ্যে রাত্রিযাপনের পরিকল্পনা নিয়ে আসা পর্যটকদের জন্য তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপকূলের পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনীসহ আশপাশের জনপদের অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের রয়েছে নিবিড় সম্পর্ক। এখানকার নদী, খাল, বনভূমি ও জীববৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে। বিশেষ করে সড়কপথে সুন্দরবনের কাছাকাছি পৌঁছানোর সুযোগ সাতক্ষীরাকে পর্যটনের ক্ষেত্রে দিয়েছে আলাদা পরিচিতি। এই পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বোট ও ট্রলার ব্যবসা, ট্যুর গাইড, পর্যটন পরিবহন, খাবার সরবরাহসহ নানা ধরনের সেবামূলক উদ্যোগ। এসবের সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় মাঝি, চালক, গাইড ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

ফলে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের পাস বন্ধ থাকলে শুধু পর্যটকদের ভ্রমণই সীমিত হবে না, সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের পথও। এতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সাতক্ষীরার সুন্দরবনকেন্দ্রিক পর্যটন অর্থনীতি।

পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঋণদেনা করে পর্যটকদের জন্য বোট তৈরি করেছেন তারা। এখন অনুমতি বন্ধ হয়ে গেলে তাদের কী হবে? এই ঋণ কীভাবে পরিশোধ করবেন? দ্রুততম সময়ের মধ্যে বন বিভাগ সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের অনুমতি চালু করুক।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন। আগে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে তিন দিনের পাস বন্ধ করে দেওয়া হলে পর্যটনসংশ্লিষ্ট মানুষের জন্য তা অত্যন্ত হতাশাজনক হবে।

তাদের আশঙ্কা, দীর্ঘদিন এ নিষেধাজ্ঞা বহাল থাকলে পর্যটকেরা সুন্দরবনের অন্য রেঞ্জের দিকে ঝুঁকবেন। এতে সাতক্ষীরার পর্যটন ব্যবসা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে।

সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহর প্রশ্ন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই বন বিভাগের। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করে কেন পুরো সাতক্ষীরা রেঞ্জের তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ করা হবে?

তিনি বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এর আগেও পর্যটক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক আব্দুল্লাহ। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবির ঘটনা ঘটে।

এসব ঘটনার উল্লেখ করে মাসুম বিল্লাহ বলেন, পর্যটকদের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। কিন্তু একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা রেঞ্জের পর্যটন কার্যক্রম সীমিত করা কোনো সমাধান হতে পারে না। তিনি এটিকে সাতক্ষীরা রেঞ্জের পর্যটন সম্ভাবনা ধ্বংসের চক্রান্ত হিসেবে দেখছেন।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক দিনের অনুমতি আগের নিয়মেই চলবে। তিন দিনের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা চলছে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

হাসনাত বললেন মহোৎসব করে ডিলারশিপ নিয়েছেন বিএনপি এমপিরা, মন্…
  • ১১ নভেম্বর ২০২৬
শর্ত সাপেক্ষে চবির ভর্তি পরীক্ষায় সুযোগ পাচ্ছেন ফেল করা শিক…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিসিইউর বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধ…
  • ১১ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950