মরিচ কিনে স্তূপ করে রাখা হয়েছে © টিডিসি
জামালপুরে এবার মরিচের বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকেরা। মাঠপর্যায়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৭ থেকে ২০ টাকায়, অথচ খুচরা বাজারে সেই মরিচের দাম ৫০ থেকে ৮০ টাকা। কৃষকদের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে মরিচ উৎপাদন ও ঘরে তোলা পর্যন্ত খরচ হচ্ছে প্রায় ৬৩ হাজার ৫৫০ টাকা। ভালো ফলন পেয়েও বর্তমান বাজারদরে খরচ তুলতে পারছেন না তারা। এতে লোকসানের শঙ্কায় হতাশ হয়ে পড়েছেন জেলার হাজারো মরিচচাষি।
দুই বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন মাদারগঞ্জ উপজেলার চর নাংলা গ্রামের কৃষক মো. আব্দুল্লাহ শেখ। ভালো ফলনের আশায় ধারদেনা ও নিজের জমানো টাকা মিলিয়ে জমিতে বিনিয়োগ করেছেন প্রায় ৯০ হাজার টাকা। সামনে মরিচ তোলা, পরিচর্যা ও শ্রমিকের মজুরি বাবদ আরও প্রায় ৪০ হাজার টাকা খরচ হতে পারে। সব মিলিয়ে তর বিনিয়োগ দাঁড়াবে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। কিন্তু জমিতে মরিচের ফলন দেখে যতটা খুশি হয়েছিলেন, বাজারে দাম শুনে ততটাই হতাশ হয়েছেন তিনি।
আব্দুল্লাহ শেখ বলেন, ‘অনেক আশা নিয়ে এবার মরিচের আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে। কিন্তু বাজারের দাম দেখে খুবই হতাশ হচ্ছি। এভাবে দাম থাকলে আমাদের কৃষকদের মরণ হবে। এমনিতেই সার-বীজ বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। এখন বাজারে প্রতি মণ মরিচ ৬০০ থেকে ৭০০ টাকা। এই দামে বিক্রি করলে আমাদের খরচও উঠবে না।’
শুধু আব্দুল্লাহ শেখ নন, তার মতো মরিচের দাম নিয়ে হতাশ মেলান্দহ উপজেলার ভাবকি পাগলবাড়ি এলাকার তরুণ কৃষক সানাউল্লাহ। সরকারি আশেক মাহমুদ কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী তিনি। পড়াশোনার পাশাপাশি এবার এক বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। ফলন ভালো হলেও প্রথম দফায় মরিচ তুলে বাজারে নিয়ে গিয়ে প্রত্যাশিত দাম পাননি। সার-বীজসহ উৎপাদন উপকরণ বেশি দামে কিনতে হওয়ায় তাঁর খরচও বেড়েছে।
সানাউল্লাহ বলেন, ‘এবার ঠিকমতো সার-বীজ কিছুই সরকারি দামে পাইনি। প্রায় সবকিছুই বাইরে থেকে বেশি দামে কিনতে হয়েছে। তাই আমার খরচ একটু বেশি পড়েছে। ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু দাম একেবারেই কম। প্রথম দফায় মরিচ তুলছি, কম দামেই বিক্রি করতে হচ্ছে। আশা করছি, পরবর্তী সময়ে ভালো দাম পাব। আমাদের উৎপাদিত মরিচ বিদেশে রপ্তানি করা গেলে কৃষকেরা ভালো দাম পাওয়ার আশা রাখতে পারেন।’
আব্দুল্লাহ ও সানাউল্লাহর মতো জামালপুরের হাজারো মরিচচাষির এখন একই চিত্র। জমিতে বাম্পার ফলন হলেও বাজারে মিলছে না ন্যায্যমূল্য। কৃষকের কাছ থেকে প্রতি কেজি মরিচ কেনা হচ্ছে ১৭ থেকে ২০ টাকায়। অথচ সেই মরিচই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। উৎপাদন ও খুচরা বাজারের দামের এই বিশাল ব্যবধানের সুফল পাচ্ছেন না কৃষকেরা। বরং সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচ সামলাতে গিয়ে লোকসানের আশঙ্কায় দিন কাটছে তাঁদের।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জামালপুর জেলায় ৬ হাজার ৫৩৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবার আবাদ হয়েছে ৬ হাজার ৯২০ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮৫ হেক্টর বেশি জমিতে মরিচের আবাদ হয়েছে। অনুকূল পরিবেশে ফলনও হয়েছে ভালো। কিন্তু উৎপাদন বাড়লেও কৃষকের মুখে হাসি নেই।
এক বিঘা মরিচ চাষে খরচ ৬৩ হাজার টাকা
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে মরিচ চাষ থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত খরচ হচ্ছে প্রায় ৬৩ হাজার ৫৫০ টাকা। জমি প্রস্তুত করতে পাঁচবার হাল চাষে খরচ হয় ২ হাজার ৫০০ টাকা। মরিচের বীজ কিনতে লাগে প্রায় ৬ হাজার টাকা। চার বস্তা ইউরিয়া সারে খরচ ৫ হাজার ৪০০ টাকা এবং চার বস্তা ডিএপি সারে ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া গ্লুজিং, ম্যাগজেপ, জিপসাম ও পটাশ সার কিনতে আরও কয়েক হাজার টাকা ব্যয় হয়।
তবে সবচেয়ে বেশি খরচ হচ্ছে শ্রমিকের মজুরিতে। চারা রোপণ, জমির পরিচর্যা থেকে শুরু করে মরিচ তোলা পর্যন্ত এক বিঘা জমিতে প্রায় ৭০ জন শ্রমিকের প্রয়োজন হয়। প্রতিজন শ্রমিকের মজুরি ৬০০ টাকা হিসাবে শুধু শ্রমিক খরচই দাঁড়ায় ৪২ হাজার টাকা। সব মিলিয়ে এক বিঘা জমিতে মরিচ উৎপাদন ও ঘরে তোলা পর্যন্ত খরচ প্রায় ৬৩ হাজার ৫৫০ টাকা। এর বাইরে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার-বীজ কিনতে হলে খরচ আরও বেড়ে যায়।
কৃষকদের হিসাব অনুযায়ী, এক বিঘা জমিতে ভালো ফলন হলে তিন থেকে চার দফায় ৭০ থেকে ৮০ মণ মরিচ পাওয়া যায়। কিন্তু বর্তমান বাজারদরে প্রতি মণ মরিচ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ৮০ মণ মরিচ ৭০০ টাকা দরে বিক্রি করলেও আয় হবে ৫৬ হাজার টাকা। অথচ উৎপাদন খরচ ৬৩ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ ভালো ফলন পাওয়ার পরও এক বিঘা জমিতে প্রায় ৭ হাজার ৫৫০ টাকা লোকসানের আশঙ্কা রয়েছে।
ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি
কৃষকদের অভিযোগ, উৎপাদনের সময় সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়লেও উৎপাদিত ফসলের দাম নির্ধারণে তাঁদের কোনো নিয়ন্ত্রণ নেই। মাঠপর্যায়ে কম দামে মরিচ বিক্রি করতে বাধ্য হলেও ভোক্তাদের কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। ফলে কৃষক ও ভোক্তা, উভয় পক্ষই এক ধরনের মূল্যচাপের মধ্যে থাকছেন। মাঝখানে বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিত হচ্ছে না।
এ অবস্থায় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার তদারকি বাড়ানো, মরিচ সংরক্ষণের ব্যবস্থা এবং বিদেশে রপ্তানির সুযোগ তৈরির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, ‘আমাদের দেশ কৃষিপ্রধান। কৃষকদের সুখ-দুঃখ ও সমস্যাগুলো দেখা উচিত। তাঁরা যেন উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন। পাশাপাশি আমাদের উৎপাদিত মরিচ বিদেশে রপ্তানি করা যায় কি না, সে বিষয়েও কাজ করা প্রয়োজন বলে মনে করি।’
জামালপুর জেলা কৃষি কর্মকর্তা (উপপরিচালক) মোহাম্মদ আলম শরীফ খান বলেন, ‘এবার জামালপুরে মরিচের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে আমরা বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছি। মরিচের উৎপাদন ও ফলন বাড়ার পাশাপাশি কৃষকেরা যেন লাভবান হতে পারেন, সে বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।’
জামালপুর জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, এবার মরিচের উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ফলে কৃষক পর্যায়ে মরিচের দাম কিছুটা কমেছে। তবে কৃষকেরা যাতে তাদের উৎপাদিত মরিচের ন্যায্যমূল্য পান, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কৃষকরা যেন উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ফসলের দাম পান, সে লক্ষ্যে আমরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পাশাপাশি কৃষকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও কাজ করছি।
জামালপুরে এবার মরিচের উৎপাদন বেড়েছে, বেড়েছে আবাদি জমির পরিমাণও। কিন্তু উৎপাদনের এই সাফল্য কৃষকের ঘরে স্বস্তি এনে দিতে পারছে না। জমিতে ফলানো মরিচের ন্যায্যমূল্য না পেলে বাম্পার ফলনও তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তাই আব্দুল্লাহ ও সানাউল্লাহর মতো কৃষকদের প্রত্যাশা, বাজারে মরিচের দাম বাড়বে, উৎপাদন খরচ উঠে আসবে এবং পরিশ্রমের ন্যায্য মূল্য পাবেন তারা।