গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি

১১ নভেম্বর ২০২৬, ০৪:০০ PM
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্তির দাবিতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি করেছে ‘সচেতন নাগরিক সমাজ’

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্তির দাবিতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি করেছে ‘সচেতন নাগরিক সমাজ’ © সংগৃহীত

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলুপ্তি এবং আসনটিতে উপনির্বাচনের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে ‘সচেতন নাগরিক সমাজ’। আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি, ছফুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।

লিখিত বক্তব্য পাঠ করেন মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার কথিত অপ্রাপ্তবয়স্ক দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীর মনোনীত ও নির্বাচিত একজন সংসদ সদস্যের কারাবাসের কারণে জাতীয় সংসদে শ্যামনগরের মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর ইনসাফ, ন্যায়বিচার ও নৈতিকতার স্লোগানে বিশ্বাস রেখেই শ্যামনগরের মানুষ দলটির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছিলেন। কিন্তু তাকে ঘিরে সৃষ্ট গুরুতর বিতর্ক ও আইনি পরিস্থিতির কারণে শ্যামনগরের মানুষের সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। দলটির কাছে মানুষ যে ইনসাফ ও নৈতিকতার প্রত্যাশা করেছিল, সেই প্রত্যাশার সঙ্গে বর্তমান পরিস্থিতির অসংগতি তৈরি হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, মগবাজারের একটি হোটেলে এক নারীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক, পরবর্তী সময়ে গুরুতর নৈতিক বিতর্ক এবং ওই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করে সচেতন নাগরিক সমাজ।

জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বহিষ্কারের ঘোষণা দিলেই কি শ্যামনগরের মানুষের প্রতি দলটির দায়বদ্ধতা শেষ হয়ে যায়? আসনটির ভবিষ্যৎ নিয়ে কার্যকর সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এতে দলটি শ্যামনগরের মানুষের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে আসনটি ধরে রাখতে বেশি আগ্রহী কি না, সেই প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এই আসন জামায়াতে ইসলামীর ব্যক্তিগত সম্পদ নয়, এর প্রকৃত মালিক শ্যামনগরের জনগণ।

লিখিত বক্তব্যে স্থানীয় জনপ্রতিনিধিত্বের সংকট তুলে ধরে বলা হয়, জামায়াতের রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে শ্যামনগরের মানুষ কেন কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবেন? সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদে তুলে ধরবেন কে?

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। গত ৯ নভেম্বর জাতীয় সংসদের স্পিকারকে তার কারাবাসের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো, সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া।

আয়োজকেরা জানান, শ্যামনগরের মানুষের গণতান্ত্রিক অধিকার, সামাজিক মর্যাদা ও কার্যকর জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তার ব্যক্তিগত জীবনসংক্রান্ত বিতর্কের জেরে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত
  • ১১ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা…
  • ১১ নভেম্বর ২০২৬
খেজুরসহ ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ…
  • ১১ নভেম্বর ২০২৬
সুন্দরবনে রাত্রিযাপনের পাস বন্ধ, থমকে যাওয়ার শঙ্কায় সাতক্ষী…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950