চুয়াডাঙ্গার দামুড়হুদা

পানিতে আর্সেনিকের উপস্থিতি, নিরাপদ পানির সংকটে ঝুঁকিতে বহু পরিবার

১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ PM
পানির ট্যাংক

পানির ট্যাংক © সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পানিতে আর্সেনিকের উপস্থিতি ভয়াবহ জনস্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় শত শত মানুষ আর্সেনিকে আক্রান্ত হয়েছেন। স্থানীয়দের দাবি, আর্সেনিকজনিত সমস্যায় এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা সরকারি নথিতে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপদ পানির সংকটে স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন বহু পরিবারের সদস্যরা।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২১-২২ সালে উপজেলার প্রায় ২০ হাজার টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৮৮৫টিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। বাকি ১৮ হাজার ২০টি টিউবওয়েল আর্সেনিকমুক্ত ছিল বলে জানান অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, জুড়ানপুর ইউনিয়নের ভগিরথপুর গ্রামে আর্সেনিকের প্রকোপ তুলনামূলক বেশি। ২০২৪ সালের ২০ জুলাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গ্রামের ১৩টি টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়। পরীক্ষায় সব কটিতেই শূন্য দশমিক ২ মাত্রার আর্সেনিক পাওয়া যায়। ভগিরথপুর ও গোপিনাথপুর গ্রামে আর্সেনিকে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের।

অন্যদিকে হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, আর্সেনিকযুক্ত পানি পান করে আক্রান্ত হয়ে এ গ্রামে পর্যায়ক্রমে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম (৫০), ইব্রাহিম হোসেন (৩৭), আব্দুল মান্নান (৫৫), মাজেদা খাতুন (৩৫), ববিতা খাতুন (৩০), আনছার আলী (৬২) ও উম্বর আলী (৪৫)। তবে এসব মৃত্যুর বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী।

সরেজমিনে বড় দুধপাতিলা গ্রামে গিয়ে বেশ কয়েকজন আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তাঁদের মধ্যে রয়েছেন মজনু মিয়া, লাইলী খাতুন, গোলাম রসুল, নুরজাহান ও নার্গিস খাতুন। স্থানীয় বাসিন্দা এবং আর্সেনিকমুক্ত পানি সরবরাহের দায়িত্বে থাকা বকুল মিয়া জানান, অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্রামে প্রায় ২৫০ জন কার্ডধারী আর্সেনিক রোগী রয়েছেন। এ ছাড়া আরও প্রায় ১৫০ জন আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।

দর্শনা থানাধীন ডিহি কৃষ্ণপুর গ্রামের গাবতলী পাড়ায়ও আর্সেনিকের প্রকোপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, ওই এলাকায় একই পরিবারের কয়েকজনসহ ৪৫০ জনের বেশি মানুষ আর্সেনিকে আক্রান্ত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গত সেপ্টেম্বর মাসে বড় দুধপাতিলা ও গোপিনাথপুর গ্রামে ১৪৪ জন আর্সেনিক আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ২০২৫ সালের ৮ অক্টোবরের আগের মৃত্যুর তথ্য তাঁর কাছে নেই। আক্রান্তদের চিকিৎসা ও নতুন রোগী শনাক্তে সিভিল সার্জন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীর তথ্য সংগ্রহ, নিয়মিত পর্যবেক্ষণ ও আর্সেনিকপ্রবণ এলাকা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, পানিতে আর্সেনিক ছাড়াও লেড ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর পদার্থ থাকতে পারে। তাই টিউবওয়েলের পানি পরীক্ষা জরুরি।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন বলেন, দামুড়হুদার আর্সেনিক পরিস্থিতি জানতে স্বাস্থ্যকর্মীদের নিয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ডিহি কৃষ্ণপুর, বড় দুধপাতিলা ও গোবিন্দহুদা গ্রামে আর্সেনিকের উপস্থিতির খবর পাওয়া গেছে। গোবিন্দহুদা গ্রামে আর্সেনিকে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও অনেক আগের মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা তাঁর জানা নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সাল থেকে এ অঞ্চলে টিউবওয়েলের পানি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় আর্সেনিকযুক্ত টিউবওয়েল, স্যালোমেশিন ও গভীর নলকূপ লাল এবং আর্সেনিকমুক্ত টিউবওয়েল সবুজ রং দিয়ে চিহ্নিত করা হতো। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।

আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা করতে ২০২৪ সালে কয়েকটি এলাকায় পাইপলাইন স্থাপন করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হৈবতপুর ও মদনা, কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা, কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর এবং হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলায় এসব ব্যবস্থা করা হয়। এতে ৮৯০টির বেশি পরিবার নিরাপদ পানি ব্যবহারের সুযোগ পাচ্ছে।

এ ছাড়া জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় কয়েকটি স্থানে মোটর ও পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। তবে পানি শোধনের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ বন্ধ থাকায় সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০১৫ সালের ৩১ অক্টোবর বড় দুধপাতিলা গ্রামে ৪০ লাখ ৪২ হাজার ৭০০ টাকা ব্যয়ে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়। ২০০৪ সালে মদনা গ্রামে ইউনিসেফের সহযোগিতায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২৪০টি পরিবারের জন্য পানির ট্যাংক নির্মাণ করা হয়। স্থানীয়দের দাবি, ডিহি কৃষ্ণপুরের গাবতলী পাড়ায়ও পানির ট্যাংক নির্মাণ করা হয়েছে।

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের …
  • ১১ নভেম্বর ২০২৬
জামালপুরে মরিচের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দুপুরের খাবার চালু, যাতায়াতে …
  • ১১ নভেম্বর ২০২৬
কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950