বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল

১১ নভেম্বর ২০২৬, ০৩:১২ PM
উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে © সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। বুধবার সকালে নগরীর মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএর ঘাটে এ ঘটনা ঘটে। এতে ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটির ক্রেন পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রাথমিকভাবে যান্ত্রিক ও কারিগরি ত্রুটিকে এর কারণ বলে ধারণা করছেন।

জাহাজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে ‘নির্ভীক’-এর ক্রেন পরিচালনার কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় কাজ শুরুর প্রায় পাঁচ সেকেন্ডের মধ্যেই সামনের একটি অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর মাস্টার মো. আলমগীর বলেন, প্রতি সপ্তাহের মতো এবারও নিয়মিত কার্যক্রম চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। কী কারণে এমনটি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কে জ্ঞান হারান। পরে তিনি সুস্থ হন।

জাহাজটির কমান্ডার আব্দুল্লাহ আল বাকী বলেন, ক্ষতিগ্রস্ত জাহাজ ও ভেঙে পড়া ক্রেন উদ্ধারে কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এ জন্য নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। ক্রেনটি ভেঙে পড়ে বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজের একটি বার্জ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। তিনি বলেন, এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

জানা গেছে, ২০১৩ সালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ বরিশালের কীর্তনখোলা নদীর তীরে বিআইডব্লিউটিএর ঘাটে স্থানান্তর করা হয়। জাহাজটির ধারণক্ষমতা ২৫০ টন। বড় ধরনের দুর্ঘটনা ছাড়া সাধারণত এটি চলাচল করে না।

শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি…
  • ১১ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে মুস্তাফিজসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটার
  • ১১ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা
  • ১১ নভেম্বর ২০২৬
পুকুরে মিলল সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতার মরদেহ
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950