গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন © সংগৃহীত
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবাইদুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে মালামাল নিয়ে ছেলের বাড়ি বাগেরহাটের মোংলায় যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পিকআপ থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পথচারী ওবাইদুর খন্দকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি এস এম মুনতাসির মাহমুদ জানান, পৃথক দুই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।