কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ

দুর্বৃত্তদের ছোড়া বোতল

দুর্বৃত্তদের ছোড়া বোতল © সংগৃহীত

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে আগুনের বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির একাংশ পুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুয়াকাটা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন দেশজুড়ে ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। ফলে কুয়াকাটার এ ঘটনাও ঘোষিত ধর্মঘটকে ঘিরে সৃষ্ট অস্থিরতার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাস টার্মিনালের বাইরে থেকে ভেতরে রাখা মডার্ন পরিবহনের একটি বাস লক্ষ্য করে দুটি বোতল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বোতলে আগুন ধরে বাসটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। অন্য বোতলটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, মহিপুর, আলিপুর ও কুয়াকাটা অত্যন্ত শান্ত এলাকা। এখানে এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভয়ের সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা বিঘ্নিত হবে।

এ ঘটনায় মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা বাস টার্মিনালের ভেতরে আগুনের বোতল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে আমরা দ্রুত আলোচনায় বসে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করব। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিএনপি সর্বদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে।

মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার জানান, তিনি বর্তমানে বরিশালে অবস্থান করছেন। এটি একটি গুপ্ত হামলা। এলাকায় ফিরে কুয়াকাটার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে তৎপর রয়েছেন।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের প্রতি তার বার্তা—কোনো ঘটনা বা ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ বলেন, এটি পেট্রোলবোমা নয়। বোতলের ভেতরে কেরোসিন ও কাপড় ব্যবহার করা হয়েছে। এটি বিস্ফোরিত হয় না, শুধু আগুন ধরে। নিক্ষেপ করা দুটি বোতলের মধ্যে একটিতে আগুন জ্বলেছিল এবং অপরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950