দোকান ভাঙচুর করে সার নিয়ে যাচ্ছেন জনতা © সংগৃহীত
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে ডিলারের গুদাম ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এর তথ্য নিশ্চিত করে জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, মামলার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগে ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।
অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কিন্তু কয়দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে সেটি উল্লেখ করা হয়নি।
প্রসঙ্গত, সোমবার (০৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরীতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন।
কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেন। সবাই এসে তখন ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নেয়া হবে।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক সহ আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আমাদের হিসাব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং। আমাদের প্রাথমিক ধারণা এটি কোন পূর্ব পরিকল্পিত ঘটনা হতে পারে।’