প্রতীকী ছবি © সংগৃহীত
বরিশাল নগরীর চাঁদমারী, স্টেডিয়াম কলোনি, বিআইপি সড়ক ও ত্রিশগোডাউন এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে। বিদ্যুতের মিটারের তার থেকে শুরু করে দোকানপাট, জুয়েলারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ি—কোনো কিছুই বাদ যাচ্ছে না চোরদের হাত থেকে। গত কয়েক দিনে এসব এলাকায় অন্তত এক ডজনের বেশি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ধারাবাহিক এসব ঘটনায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
সর্বশেষ নগরীর বিআইপি শাখা সড়কের নাহিদ ম্যানসনে গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভবনের এক বাসিন্দা জানালা দিয়ে বাইরে তাকান। এ সময় তিনি দুই ব্যক্তিকে ভবনের বিদ্যুতের মিটারের তার কাটতে দেখেন। পরে লাইট জ্বালিয়ে চিৎকার করলে দ্রুত পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে প্রায় ১২টি মিটারের কয়েক লাখ টাকা মূল্যের তার কেটে রোল করে রাখা হয়েছিল বলে জানা গেছে।
এর আগে নগরীর ত্রিশগোডাউন এলাকায় একাধিক ভবনের বিদ্যুতের মিটারের তার চুরির ঘটনা ঘটে। চাঁদমারী এলাকায় আইয়ুব আলী, নাহিদ ও রাজুর দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। এ ছাড়া মাদ্রাসা সড়কের কয়েকটি ভবন থেকেও মিটারের তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটলেও অপরাধীদের তৎপরতা বন্ধ হচ্ছে না। এতে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাতের বেলায় বিশেষ করে চোরদের আনাগোনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।
এলাকাবাসীর মতে, চুরির ঘটনা নিয়ন্ত্রণে বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পেশাদার ও চিহ্নিত চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নানিবুড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির দাস বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন চোরকে আটক করা হয়েছে। চুরি প্রতিরোধে পুলিশের সর্বোচ্চ অভিযান অব্যাহত রয়েছে। বিআইপি সড়কের নাহিদ ম্যানসনের ঘটনায় অভিযান পরিচালনা করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, চোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছু ক্ষেত্রে ভুক্তভোগীরা মামলা করতে আগ্রহী হন না। তখন আসামিদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। ফলে তারা সহজেই জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।