লিখিত অভিযোগ দিয়েও বন্ধ হয়নি বাল্যবিয়ের আয়োজন, স্কুলছাত্রীর বিয়ে আজ

বিয়ে বন্ধের আবেদন ও স্কুলছাত্রী

বিয়ে বন্ধের আবেদন ও স্কুলছাত্রী © সংগৃহীত

পড়াশোনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ঝুমুর আক্তার। শ্রেণিতে প্রথম, রোল নম্বরও ১। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নিজের পরিবারই। তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন ধার্য করেছে পরিবার। অথচ আগের দিনই নিজের বিয়ে বন্ধ ও পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছিল সে। এরপরও বিয়ের আয়োজন বন্ধ না হওয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার। ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী ঝুমুর আক্তারের জন্মতারিখ ২৮ মার্চ ২০১২। সে অনুযায়ী বর্তমানে তার বয়স মাত্র ১৪ বছর।

মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ বরাবর গতকাল রোববার (৮ নভেম্বর) দেওয়া লিখিত আবেদনে ঝুমুর জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করেছেন। ৯ নভেম্বর তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। পড়াশোনা চালিয়ে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চায়।

আবেদনে সে লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবুও আমি এখন বিয়ে করতে চাই না।’

শুধু বিয়ে বন্ধের আবেদনই নয়, প্রয়োজনে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও মাদ্রাসার সুপারের কাছে আকুতি জানিয়েছে শিক্ষার্থীটি। কিন্তু লিখিত আবেদন পাওয়ার পরও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মেয়েটির বাবা লাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’

উপজেলা শিক্ষা অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারা এ বিষয়ে কাজ করেন।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা বলেন, ‘আমি তো জানি না, আমাকে জানানো হয়নি। আমার প্রশাসনিক ক্ষমতা নেই, আমি তাঁদের সঙ্গে থাকি।’

অন্যদিকে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, ওই বাড়িতে গ্রাম পুলিশ ও থানা পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি মেয়েটির বাবার সঙ্গে তিনি নিজে কথা বলবেন।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। সে হিসাবে ১৪ বছর বয়সী এই শিক্ষার্থীর বিয়ের আয়োজন স্পষ্টতই বাল্যবিবাহের পর্যায়ে পড়ে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, এ ধরনের বিয়ে বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের সুযোগ রয়েছে।

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করল আরও একটি বিশ্ববিদ্যালয়
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠ…
  • ০৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকায় সাময়িক বহিষ্কার জাবি শিক্ষার্থী 
  • ০৯ নভেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে মারধর ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে ছেলেসহ…
  • ০৯ নভেম্বর ২০২৬
ব্যবসায়ীকে অপহরণ ও আটকের অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি এ…
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রায় দুই মাস পেছাল একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950