ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে অনশন

০৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ PM
পুরাতন ত্রিশাল বাসস্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পুরাতন ত্রিশাল বাসস্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্টেশন এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি চত্বরটিতে আগুন দিয়ে পালিয়ে যান। এতে স্মৃতিফলকটি পুড়ে গেছে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন নেতা। 

পুড়ে যাওয়া সাগর চত্বরের নিচে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করে ঘটনাস্থলে যায়।

অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করে বলেন, যেসব আওয়ামী সন্ত্রাসী পালিয়ে যায়নি এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা এখনো হুমকির মুখে রয়েছেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরণ অনশন অব্যাহত থাকবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি সাগর চত্বরে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তার ছবি-সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ভর্তি মেধাতালিকা …
  • ০৯ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু 
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভর্তি পরীক্ষা, অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধ…
  • ০৯ নভেম্বর ২০২৬
গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকা…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি শুনেছি, স্ক্রলে দেখেছি, যাচাই…
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে র…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950