ডায়রিয়া-নিউমোনিয়ার প্রকোপ, যশোর হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়

০৯ নভেম্বর ২০২৬, ০২:০৭ PM
শয্যা না পেয়ে মেঝে, বারান্দা ও করিডরে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের

শয্যা না পেয়ে মেঝে, বারান্দা ও করিডরে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের © সংগৃহীত

আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে যশোরে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় যশোর জেনারেল হাসপাতালে উপচে পড়ছে ভিড়। ২৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ছয় শতাধিক রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে মেঝে, বারান্দা ও করিডরে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৮ নভেম্বর রোববার পর্যন্ত যশোর জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২০ হাজার ৭২৫ জন। এ সময়ে এ রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত ৩৭ জন চিকিৎসা নিয়েছেন। 

অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৫ জন। বহির্বিভাগ থেকেও চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক রোগী। এর মধ্যে শুধু সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি হয়েছেন ২৬ জন। 

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স ফাতেমা খাতুন জানান, ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ছয়টি। অথচ বর্তমানে সেখানে চিকিৎসাধীন ৮৫ জন রোগী। 

অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডের বারান্দা ছাড়িয়ে প্রশাসনিক ভবনের নিচের বারান্দা পর্যন্ত রোগীদের শয্যা পাততে হয়েছে। জনবলসংকটের মধ্যেই তাদের সেবা দিতে হচ্ছে। ওষুধের সংকট না থাকলেও রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে কিছু ওষুধ রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। 

ডায়রিয়ার পাশাপাশি শিশুদের ঠান্ডা, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপও বেড়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২৪টি শয্যার বিপরীতে সেখানে চিকিৎসাধীন ১২৫ জনের বেশি শিশু। শয্যা না পেয়ে অধিকাংশ শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। একই চিত্র নবজাতক বিভাগেও। সেখানে দশটি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ২৬ জন নবজাতক। পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডেও রোগীর চাপ বেড়েছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় আবহাওয়াজনিত অসুস্থতায় মোট ৪৫৫ জন রোগী ভর্তি, প্রাথমিক ও জরুরি চিকিৎসা নিয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শুধু শিশু বহির্বিভাগের ১১৩ ও ১১৪ নম্বর কক্ষে চিকিৎসা নিয়েছে ১৯২ জন শিশু। এ ছাড়া পুরুষ বহির্বিভাগে ২৫ জন এবং মহিলা বহির্বিভাগে ৫২ জন চিকিৎসা নিয়েছে। একই সময়ে ঠান্ডাজনিত তীব্র সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬ জন। তাদের মধ্যে ১৫৭ জন শিশু, ১৮ জন পুরুষ ও ১১ জন নারী। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হাবিবা সিদ্দিকা ফোয়ারা বলেন, আবহাওয়ার এই পরিবর্তন-কখনো শীত, কখনো গরম-রোগীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। সকালে গরম আবহাওয়া এবং বাতাসে ধুলাবালির পাশাপাশি মধ্যরাত থেকে তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন ধরনের সংক্রমণ বাড়ছে।

যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামের আমেনা বেগম জানান, শুক্রবার (৭ নভেম্বর) রাতে তার ১২ বছর বয়সী ছেলে কুদ্দুসের হঠাৎ বমি ও পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে গভীর রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শয্যা না পেয়ে ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে শিশুটিকে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ জেসমিন খাতুন বলেন, ওয়ার্ডে শয্যা রয়েছে ২৪টি। এর বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ১৫৭ শিশু। অতিরিক্ত রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। তবে শিশুদের জন্য বর্তমানে ওষুধের কোনো সংকট নেই।

হাসপাতালের নার্সিং তত্ত্বাবধায়ক রহিমা আক্তার বলেন, ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে ছয় শতাধিক রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগীও রয়েছেন। সীমিত জনবল নিয়ে নার্সরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন।

মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আবু হায়দার মনিরুজ্জামান বলেন, শীতের শুরুতে রোটাভাইরাস, নোরোভাইরাস ও অ্যাডিনোভাইরাস বেশি সক্রিয় হয়ে ওঠে। এসব ভাইরাসের সংক্রমণে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস বা ডায়রিয়া হতে পারে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ও সংক্রমিত কণার মাধ্যমে রোগ ছড়াতে পারে। এ ছাড়া শীতকালে তৃষ্ণা কম পাওয়ায় অনেকে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করেন না। এতে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাপমাত্রার আকস্মিক পরিবর্তনও শরীরের স্বাভাবিক প্রতিরোধব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।

শিশুরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ বলেন, শুষ্ক আবহাওয়া ও বাতাসে ধুলাবালির কারণে রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি), ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে। এতে শিশুদের শ্বাসনালিতে সংক্রমণ বা ব্রঙ্কিওলাইটিস এবং ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া দেখা দিচ্ছে।

দুই বিশেষজ্ঞই এ সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, শিশুদের আবহাওয়া উপযোগী হালকা গরম পোশাক পরাতে হবে, যাতে অতিরিক্ত ঘেমে না যায়। ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং ধুলাবালি থেকে শিশুদের দূরে রাখতে হবে। পাশাপাশি পুষ্টিকর ও গরম খাবার এবং পর্যাপ্ত তরল দিতে হবে। শিশুর শ্বাস দ্রুত চলা, বুক দেবে যাওয়া কিংবা অতিরিক্ত জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে হঠাৎ রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে। সীমিত শয্যা ও জনবল নিয়েও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এবং ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে সর্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের বিশেষ যত্ন নিতে হবে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। শরীর কুসুম গরম পানিতে ভেজানো নরম কাপড় দিয়ে মুছে দেওয়া যেতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো উচিত নয়। আবহাওয়ার পরিবর্তনে শিশুদের নাক বন্ধ, বমি বমি ভাব ও খাবারে অরুচি দেখা দিতে পারে। এ সময়ে পুষ্টিকর খাবারের পাশাপাশি ডাবের পানিসহ পর্যাপ্ত তরল খাবার দেওয়ার পরামর্শ দেন তিনি।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, সাধারণত শীতের শুরুতে ভাইরাসজনিত কারণে জেলাজুড়ে বিভিন্ন বয়সী মানুষ ডায়রিয়া, ভাইরাল জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমায় আক্রান্ত হন। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় তারা ঠিক কোন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সংক্রমণের প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হবে।

শেখ হাসিনার পাসপোর্টের বিষয়টি শুনেছি, স্ক্রলে দেখেছি, যাচাই…
  • ০৯ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি উপজেলায় না রাখার বিধান চ্যালেঞ্জ করে র…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স এনরোলমেন্ট নিয়ে জরুরি নি…
  • ০৯ নভেম্বর ২০২৬
লিখিত অভিযোগ দিয়েও বন্ধ হয়নি বাল্যবিয়ের আয়োজন, স্কুলছাত্রীর…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা এ আবেদন করতে পারে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ০৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে জুলাই শহীদ চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবিতে …
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950