গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইটভাটার স্থাপনা © সংগৃহীত
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নুরু মিয়ার ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। ইটভাটা দুটিতে কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। এ ছাড়া বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইটভাটা দুটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় সরকারি কাজে বাধা প্রদান ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।