সাতক্ষীরা
সাতক্ষীরা নগরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে মানববন্ধন © সংগৃহীত
বিশ্ব নগর দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত মানববন্ধন থেকে বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। সোমবার (২৬ অক্টোবর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তারা বলেন, নগরের উন্নয়নে ভূমিকা রাখা মানুষদের অবহেলায় না রেখে নগর পরিকল্পনায় তাদের অধিকার ও আবাসনের বিষয়টি গুরুত্ব দিতে হবে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য পর্যাপ্ত আবাসন।'
মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, লেখক সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার, ইমতি জামিল প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাধব চন্দ্র দত্ত বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার অনেক মানুষ এখনো নগরসুবিধা থেকে বঞ্চিত। নগরের উন্নয়ন পরিকল্পনায় সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও আবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার পাশাপাশি বস্তিবাসীর জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে হবে।
জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল বলেন, সাতক্ষীরা পৌরসভাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে আমাদের এখনই ১০০ বছরের একটি পরিকল্পনা নিতে হবে। সাতক্ষীরা শহরে একটি বাঞ্ছনীয় পরিবেশ তৈরি করতে এবং পৌরসভাকে একটি সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত আবাসন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তা না হলে ভবিষ্যতে সাতক্ষীরার পরিস্থিতি এর চেয়েও ভয়াবহ হয়ে উঠবে।