নিহত জাকারিয়া ইসলাম © টিডিসি সম্পাদিত
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকারিয়া ইসলাম (২৩) নামের সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজিতে থাকা জাকারিয়ার স্ত্রী রুকাইয়াসহ আরও ৩ যাত্রী আহত হয়েছেন।
আজ রবিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের ৪ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, কুষ্টিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে খলিশাকুন্ডি যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা রাস্তায় উল্টে যায়। এসময় স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর কাভার্ড ভ্যান আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কুষ্টিয়ার মিরপুরের ৪ মাইল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের পর কাভার্ড ভ্যান আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।