গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন গায়ক আসিফ

২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ PM
গায়ক আসিফের গাড়িতে গুলি

গায়ক আসিফের গাড়িতে গুলি © টিডিসি ফটো

রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনার তদন্তে কাজ করছে বলে জানা গেছে।

এর আগে শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ। তিনি তখন বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত অফিস বা স্টুডিওতে ছিলেন। গাড়িতেও অন্য কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাস্থলে এসে আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করে। গুলি চালানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। পাশাপাশি এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানারও চেষ্টা চলছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage