প্রতীকী ছবি © সংগৃহীত
ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই সহোদর। এ ঘটনায় তাদের বাবা আলম বক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাইসহ তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার সকালে আলম বক্তার তাঁর তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কালিরহাট এলাকায় শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান।
এ সময় একটি ছেঁড়া বিদ্যুতের তার দেখতে পেয়ে সেটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার। বাবাকে বাঁচাতে গিয়ে নিচে থাকা এক ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা আরেক ছেলে বাবাকে উদ্ধারের জন্য নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁদের বাবা আলম বক্তার আহত হলেও প্রাণে বেঁচে যান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।