প্রতীকী ছবি © সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা। তারা মো. চান মিয়ার স্ত্রী ও ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আয়েশা খাতুন, তার ছেলে ইয়াছিন ও পুত্রবধূ আরজিনা গাজীপুরের টঙ্গীতে আসেন। পরে তারা আলম এশিয়া পরিবহনের একটি বাস থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নামেন। সেখান থেকে ফুটপাত দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়।
এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইয়াছিন ও তার মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সেটি ও চালককে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।