মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২৪ কেজির ব্ল্যাককার্প, সাড়ে ১৭ হাজারে বিক্রি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ PM
২৪ কেজি ওজনের বিশাল আকৃতির ব্ল্যাককার্প

২৪ কেজি ওজনের বিশাল আকৃতির ব্ল্যাককার্প © টিডিসি

ভোলার মেঘনা নদীতে জেলে সুলতান সরদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ব্ল্যাককার্প। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাছটি সদর উপজেলার তালতলী (ইলিশা) মাছঘাটে আনা হলে একনজর দেখতে স্থানীয় মানুষ ও লঞ্চঘাটের যাত্রীদের ভিড় জমে যায়। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

মাছঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জোয়ারের সময় মেঘনা নদীতে জাল ফেলেন সদর উপজেলার জেলে সুলতান সরদার। জাল তোলার সময় বড় আকৃতির মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলীর ফকির দালালের আড়তে নেওয়া হয়। সেখানে আড়তদার ও স্থানীয় ক্রেতাদের মধ্যে দর-কষাকষির পর মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। পরে ১৮ জন মিলে মাছটি ভাগ করে নেন।

আড়তদার লোকমান বলেন, কয়েক দিন ধরে নদীতে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে ইলিশের দামও কিছুটা কমেছে। ইলিশের সরবরাহ কম থাকলে ব্ল্যাককার্পটির দাম আরও বেশি হতে পারত।

বড় মাছটি ধরা পড়ার পর নৌকায় থাকা জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তারা জানান, এত বড় আকারের ব্ল্যাককার্প তারা আগে খুব একটা দেখেননি।

সুলতানের স্ত্রী মরণজান বিবি মুঠোফোনে বলেন, তাদের পরিবার নৌকাতেই বসবাস করে। পরিবারের সদস্যরা দীর্ঘদিন অসুস্থ থাকায় টানা দুই দিন নদীতে মাছ ধরতে যেতে পারেননি। শুক্রবার ভোরে আবার নদীতে নামেন তারা। সুতার জালে ২৪ কেজির মাছটি ধরা পড়ে। এ ছাড়া তারা মাত্র দুটি জাটকা ও একটি বেলকা ইলিশ পেয়েছেন। মাছ ধরতে গিয়ে প্রায় ২০ লিটার জ্বালানি তেল খরচ হয়েছে। বড় মাছটি পাওয়ায় অন্তত কিছুটা খরচ মেটানোর আশা করছেন তারা।

তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। খুব কষ্টে দিন কাটাই। আমাদের কাছে এলে বুঝতে পারবেন, আমরা কীভাবে থাকি, কীভাবে জীবন চালাই।’

মাছটি কত টাকায় বিক্রি হয়েছে, তা তিনি জানেন না বলে জানান মরণজান বিবি। বিক্রির সময় তিনি নৌকাতেই ছিলেন।

ভোলা সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া বলেন, ছবিটি দেখে মাছটিকে ব্ল্যাককার্প বলেই মনে হচ্ছে। এটি বাংলাদেশের দেশীয় মাছ নয়। পূর্ব এশিয়া, বিশেষ করে চীন অঞ্চলের স্বাদুপানির কার্পজাতীয় এই মাছের প্রধান খাদ্য শামুক ও ঝিনুক। বাংলাদেশে সীমিত পরিসরে পুকুরে এর চাষ করা হয়।

তিনি আরও বলেন, নদীতে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য ও অনুকূল পরিবেশ পেলে ব্ল্যাককার্প দ্রুত বড় হতে পারে। এ ধরনের মাছ ৩০ কেজি বা তারও বেশি ওজনের হতে পারে। পুকুরে সাধারণত ১০ থেকে ১২ কেজি ওজনের ব্ল্যাককার্প বেশি দেখা যায়।

মৎস্য কর্মকর্তা বলেন, বর্ষা বা বন্যার সময় চাষের পুকুর থেকে এ ধরনের মাছ নদীতে চলে যেতে পারে। সেখানে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারলে এটি বড় আকার ধারণ করতে পারে। ভোলার মেঘনায় ধরা পড়া ২৪ কেজির মাছটিও এভাবে নদীতে আসা মাছ হতে পারে।

একটি বড় মাছ জেলের জালে ধরা পড়লেও সুলতান সরদারের পরিবারের বাস্তবতা ভিন্ন। দিনের পর দিন মাছ কম পাওয়া, জ্বালানি ও চিকিৎসার খরচ এবং নৌকায় বসবাস—সব মিলিয়ে নদীনির্ভর এই পরিবারের জীবনে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950