নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ AM
 দুলারহাঁট মডেল কলেজ

দুলারহাঁট মডেল কলেজ © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে ডিগ্রি (পাস) পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্র পরিদর্শকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে জাহিদ (২২) ও রাসেল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুলারহাট মডেল কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে নকলের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা কেন্দ্র পরিদর্শক ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং নকলের খাতা জব্দ করেন।

পরীক্ষা শেষে এ ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন পরীক্ষার্থী ও তাদের সহযোগী বহিরাগত যুবক লাঠিসোঁটা নিয়ে কলেজের বাইরে অবস্থান নেন। পরে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা কেন্দ্র থেকে বের হলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

দুলারহাট থানা পুলিশ জানায়, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, ‘পরীক্ষায় নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পরীক্ষার হলের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।’

তিনি আরও জানান, বর্তমানে কলেজ ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬