বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ PM
আন্ধারমানিক নদীতীরে ভেসে আসা মৃত তিমি

আন্ধারমানিক নদীতীরে ভেসে আসা মৃত তিমি © টিডিসি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে তিমিটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে ভেসে তিমিটি আন্ধারমানিক নদীতে প্রবেশ করে। পরে স্থানীয়রা নদীর মাঝ থেকে তিমিটিকে তীরে নিয়ে আসেন। কয়েক দিন আগে মারা যাওয়ায় তিমিটির শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা সেটিকে আবার নদীতে ভাসিয়ে দেন।

খবর পেয়ে নিশানবাড়িয়া বন বিভাগের কর্মকর্তারা নদী থেকে তিমিটিকে উদ্ধার করেন। বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। নমুনা সংগ্রহের পর তিমিটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গেছে। কোস্টগার্ডের সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। তবে কালো রঙের বিশাল আকৃতির তিমিটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬