সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক © টিডিসি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও গুরুতর আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। সাতক্ষীরায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত ১৫ জন এবং আহত ১২ জনের পরিবারের সদস্যদের মধ্যে মোট ৯৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৭টি পরিবারের হাতে এসব সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের সহায়তায় বিতরণ করা এই ক্ষতিপূরণের মধ্যে নিহত ১৫ জনের প্রত্যেকের পরিবারকে দেওয়া হয় ৫ লাখ টাকা করে। এই চেক গ্রহণ করেন রমেশ চন্দ্র মৃধা, সুমাইয়া পারভীন, সাঈদ আলী, জি এম শাহানুর রহমান, মো. ওজিয়ার রহমান গাজী, রিজাউল ইসলাম মিঠু, কামরুন্নাহার, সুকজান খাতুন, এম এস টি এলিজা আক্তার, মমতাজ পারভীন, চপলা কর্মকার, সুপ্রিয়া রানী খাঁ, মো. আব্দুস ছালাম, তাপিয়া সুলতানা ও আব্দুস ছালাম।
অন্যদিকে আহত ১২ জনের মধ্যে গুরুতর আহত ৫ জনের পরিবারকে ৩ লাখ টাকা করে এবং অপর ৭ জন আহত ব্যক্তির পরিবারকে দেওয়া হয় ১ লাখ টাকা করে। ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন মো. জনাব আলী, মিতা দাশ, বিউটি খাতুন, মো. সাহাদাত গাজী ও সামিম। আর ১ লাখ টাকা করে অর্থ সহায়তা পেয়েছেন রাজু পাড়, মো. কবির উদ্দিন বিশ্বাস, মো. জামাল উদ্দিন, মকছেদ সানা, আবুল হোসেন সানা, মো. মঈনুর ইসলাম ও মো. মফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, কোনো অর্থ দিয়েই একটি অমূল্য জীবনের ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বা পঙ্গু হয়ে পরিবারগুলো যে চরম দুরাবস্থায় পড়ে, এই সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে কিছুটা সাহায্য করবে। তিনি সরকারের দেওয়া এই অর্থ যথাযথভাবে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার আহ্বান জানান এবং দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ জামির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান এবং উচ্চমান সহকারী নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।