জানালা দিয়ে পানি চাইছিল শিশুরা, ফ্ল্যাটের তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

২৩ আগস্ট ২০২৬, ০৪:২৬ PM
 গৃহবধূর মরদেহ উদ্ধার

গৃহবধূর মরদেহ উদ্ধার © সংগৃহীত

জামালপুর শহরে বাইরে থেকে তালাবদ্ধ একটি ফ্ল্যাটের জানালা দিয়ে পানি চেয়ে কান্নাকাটি করছিল দুই শিশু। তাদের কান্নার শব্দে স্থানীয়দের সন্দেহ হলে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে এক কক্ষে দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও পাশের কক্ষে পাওয়া যায় তাদের মা ইসরাত জাহানের (৩০) মরদেহ।

রবিবার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী কাউসার আহম্মেদ পলাতক রয়েছেন। এই দম্পতির ১০ বছর বয়সী এক মেয়ে এবং ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে। 

স্থানীয়রা জানান, সকালে জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায়, ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া। একপর্যায়ে স্থানীয়রা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে বাচ্চা দুটো পানি চাওয়ার পর স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনেন। ভেতরে ঢুকে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত চলছে।  

প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬