একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়

০৪ আগস্ট ২০২৬, ০৫:১৫ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

একসময় ঝালকাঠির রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ নেতা আমির হোসেন আমুর রোনালসে সড়কের বাসভবন। জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, নেতা-কর্মীদের আনাগোনা আর ক্ষমতার নানা সমীকরণের কেন্দ্র ছিল এই বাড়ি। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পর সেই ভবন এখন ধ্বংসস্তূপ, ময়লা-আবর্জনার ভাগাড় এবং স্থানীয়দের অভিযোগ অনুযায়ী মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। এর পর থেকে দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দেখভালের অভাবে প্রতিদিনই বাড়ছে এর জরাজীর্ণতা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে এখনো অগ্নিসংযোগ ও ভাঙচুরের ক্ষতচিহ্ন রয়ে গেছে। ভাঙা দরজা-জানালা, ক্ষতিগ্রস্ত দেয়াল, পোড়া কক্ষ এবং চারদিকে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা যেন ভবনটির অতীত ও বর্তমানের তীব্র বৈপরীত্য তুলে ধরছে। ভবনের ভেতর-বাইরে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা আশপাশের বাসিন্দাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভবনের কয়েকটি কক্ষ ঘুরে দেখা যায়, সেখানে পড়ে রয়েছে মাদক সেবনের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, রাতে পরিত্যক্ত এই ভবনে অসামাজিক কর্মকাণ্ডও ঘটে। নিরাপত্তা ও নজরদারির অভাবে ভবনটি অপরাধপ্রবণ ব্যক্তিদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, গত মে মাসে রাতের আঁধারে কে বা কারা ভবনের প্রধান ফটক ও সামনের ক্ষতিগ্রস্ত অংশ টিন দিয়ে ঘিরে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সেই টিনের বেড়া অপসারণ করেন। এ সময় লোহার প্রধান গেটের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করে দুটি ব্যানার টানিয়ে দেন। এর মধ্যে একটি ব্যানারে লেখা ছিল—‘আমাকে ব্যবহার করুন, পৌরবাসীর ময়লা ফেলার স্থান।’ এর পর থেকেই অনেকেই সেখানে ময়লা-আবর্জনা ফেলতে শুরু করেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর বাসভবনে অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভেতরের বিভিন্ন আসবাব পুড়ে যায়। পরে ওই বাড়ি থেকে প্রায় ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাড়িটিতে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় অনেকেই সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে এটি কার্যত একটি অস্থায়ী ডাম্পিং স্থানে পরিণত হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বর্তমানে এটি যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, তা থেকে ফ্যাসিস্টদের শিক্ষা নেওয়া উচিত।

আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ঝালকাঠিতে অবস্থানকালে তিনি এই বাসভবন থেকেই দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন। সময়ের ব্যবধানে একসময়কার সেই ক্ষমতার কেন্দ্র আজ পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসস্তূপে। 

স্থানীয়দের দাবি, ভবনটি ঘিরে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এটি আরও বড় ধরনের সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬