আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স © টিডিসি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের পাশে বিভিন্ন আকারের বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনের পশ্চিম পাশে গ্যারেজে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। একই সময়ে সাতক্ষীরা সদর থানার পুলিশও সেখানে উপস্থিত হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান (বিএফএম) জানান, হাসপাতাল ভবনের পশ্চিম পাশে গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সটির পাশে বিভিন্ন আকারের বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল। এতে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি তৈরি হয়।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আগুন নেভাতে পানির পরিবর্তে বিশেষ ধরনের ফোম ব্যবহার করা হয়। ফোম প্রয়োগের পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, অগ্নিকাণ্ডে একটি অ্যাম্বুলেন্স, এর ভেতরে থাকা কয়েকটি ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো ছ-৭১-৩০০।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।