ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ করে বোনের সংবাদ সম্মেলন © টিডিসি ছবি
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে উত্তরাধিকারসূত্রে পাওয়া প্রায় ২২ বিঘা জমি ও বসতভিটা অবৈধভাবে দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। তারা প্রশাসনের হস্তক্ষেপে জমি উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) যশোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য স্নেহলতা পারভীন বিউটি।
তিনি অভিযোগ করেন, তাদের প্রয়াত বাবা হায়দার আলীর প্রায় ৪০ বিঘা সম্পত্তির উত্তরাধিকার বণ্টনসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা অবস্থায় তার মেঝো ভাই ব্যারিস্টার এ কে এম মোজতা রাসেল, চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় স্থানীয় সশস্ত্র লোকজন নিয়ে তাদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি এবং ছোট ভাই আল-ইমরানের কিছু জমি দখল করেছেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৮ জুন ও ১৬ জুলাই সশস্ত্র লোকজন নিয়ে জমি ও বসতভিটা দখলের চেষ্টা চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা।
ভুক্তভোগী পরিবার অবৈধ দখলমুক্ত করে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আল-ইমরান, তামান্না নাজনীন, মুনতাজ আলী, খিদির আলী, বাচ্চু মিয়া, মুহিদুল ইসলাম, লিয়াকত আলীসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা।