ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ © টিডিসি
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মিস কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ।
এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের বৃক্ষ মেলায় জেলার বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে মোট ৩৫টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।