গত ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে—গোপালগঞ্জে এস এম জিলানী

০১ আগস্ট ২০২৬, ০৭:৫৭ PM
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী © টিডিসি ছবি

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গত ১৭ বছর ক্ষমতায় থাকা একটি সরকার লুটপাট করে বাংলাদেশ থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতির বিষয়টি স্বীকার করেছিলেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মধ্য লখন্ডা গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে এক সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রীর এক পিয়ন জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন এবং বর্তমানে হেলিকপ্টারে চলাফেরা করেন। তাঁর ভাষ্য, ‘একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে অন্য নেতাদের সম্পদের পরিমাণ সহজেই অনুমান করা যায়।’

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ইতোমধ্যে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরকারের সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, নির্বাচনের আগে তিনি তাদের অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সংসদে গিয়ে সে বিষয়গুলো তুলে ধরেছেন। যতদিন বেঁচে থাকবেন, ততদিন তাদের শান্তি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা ও হাজরাবাড়ি গ্রামের বিভিন্ন সনাতন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন এবং স্থানীয় উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা রফিকুল ইসলাম হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬
প্রবলেম সলভিং থেকে গবেষণা, এরপর জাপানে মেক্সট স্কলারশিপ পেল…
  • ২৫ আগস্ট ২০২৬
টঙ্গী সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ ও বৃক্ষরোপণ
  • ২৫ আগস্ট ২০২৬