স্কুল নির্বাচনে বাবা প্রার্থী হওয়ায় ভর্তি বাতিল হলো ছেলের

৩০ জুলাই ২০২৬, ১২:০৬ PM
সম্মেলন করছেন শিশুটির বাবা ও প্রার্থী মো. জহুরুল ইসলাম।

সম্মেলন করছেন শিশুটির বাবা ও প্রার্থী মো. জহুরুল ইসলাম। © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবক সদস্য পদে প্রার্থী হওয়ায় এক শিশুর ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শিশুটির বাবা ও প্রার্থী মো. জহুরুল ইসলাম।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজকান্দা গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তিনি বিদ্যালয়ের একজন বৈধ অভিভাবক, ভোটার এবং অভিভাবক সদস্য পদে প্রার্থী হিসেবে যথাসময়ে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী গত ১১ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা থাকলেও প্রার্থীদের বিদ্যালয়ে ডেকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে পরে মৌখিকভাবে জানানো হয়, সেদিন কার্যক্রম হবে না। তবে কেন তা স্থগিত করা হয়েছে, সে বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, নির্বাচন থেকে তাকে বিরত রাখতেই গত ১৩ জুলাই কোনো ধরনের পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ না দিয়েই শিশু শ্রেণিতে অধ্যয়নরত তার ছেলে ইশরাক বিন জহুরের ভর্তি বাতিল করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার। এতে তার সন্তানের পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুটি মানসিক চাপে রয়েছে বলে দাবি করেন তিনি।

জহুরুল ইসলাম আরও অভিযোগ করেন, প্রার্থীদের না জানিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নির্বাচন চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেন। সেই অভিযোগের ভিত্তিতে গত ২ জুলাই সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন তদন্ত করলেও তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক ফাহিমা আক্তারের বাড়িতে গেলে তার স্বামী মীর মাহমুদুন নবী জানান, তিনি অসুস্থ এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিষয়ে এখনো তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে ভর্তি বাতিলের বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এখতিয়ারভুক্ত বলে তিনি উল্লেখ করেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬