চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন, গ্রাম পুলিশ আটক

৩০ জুন ২০২৬, ০৮:১৭ PM
শিশুর মাথা ন্যাড়া করে প্রকাশ্যে নির্যাতন

শিশুর মাথা ন্যাড়া করে প্রকাশ্যে নির্যাতন © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক শিশুর মাথা ন্যাড়া করে প্রকাশ্যে অপমান ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশ রতন রবি দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের ভূমিকাও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাটির ২ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচগাঁও বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুল মান্নান পাশের একটি দোকানে চা পান করতে যান। যাওয়ার আগে তিনি দোকানের ক্যাশবাক্সে সাড়ে আট হাজার টাকা রেখে যান। কিছুক্ষণ পর ফিরে এসে টাকা না পেয়ে বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানান।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, ওই শিশুকে দোকানের আশপাশে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পরে বাজারের কয়েকজন দুটি মোটরসাইকেলে করে শিশুটিকে খুঁজে এনে জিজ্ঞাসাবাদ করেন। শিশুটি প্রথমে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও পরে তার কোমরে লুঙ্গির ভাঁজে প্যাঁচানো অবস্থায় টাকা পাওয়া যায় বলে দাবি করা হয়।

এরপর শিশুটিকে বাজারের শহীদ মিনারের বেদীতে দাঁড় করিয়ে সবার সামনে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। পরে তাকে বাজার থেকে ছেড়ে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারের রেইন ট্রি গাছের নিচে শহীদ মিনারের বেদীতে শিশুটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায়, রংছাতি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রতন রবি দাশ শিশুটির মাথা ন্যাড়া করছেন।

ভিডিওতে রতন রবি দাশকে বলতে শোনা যায়, ‘এই ছেলে বাজারে আগেও চুরি করেছে। আজ হার্ডওয়্যারের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাকে মারধর করা হচ্ছে না, লজ্জাজনক শাস্তি হিসেবে মাথার চুল কেটে দেওয়া হচ্ছে। আপনারা ভিডিও করে ছড়িয়ে দেন, যাতে আর কেউ চুরি করার সাহস না পায়।’

ভিডিওতে উপস্থিত একজন বলেন, ‘রতন, একেবারে সব চুল কাইটো না, খাবরা-খুবরা কইরা দাও।’ পরে আরেক ব্যক্তি শিশুটিকে দিয়ে হাতজোড় করে বলান, ‘আমি আর চুরি করতাম না, কাম কইরা খাইয়াম।’

এ বিষয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ রতন রবি দাশের দাবি, ‘বাজারের লোকজন শিশুটিকে আটক করে আমাকে খবর দেয়। সেখানে গেলে তারা একশত টাকার বিনিময়ে তার মাথা ন্যাড়া করে দিতে বলে। আমি তা করেছি। এখন আমার কাজের জন্য আমি অনুতপ্ত।’

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য আনিসুর রহমান পাঠানের ভাষ্য, ‘ঘটনার ভিডিও দেখেছি। অভিযুক্ত গ্রাম পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার আশ্বস্ত করলেন, ‘ঘটনার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, বাঁচল অ…
  • ৩০ জুন ২০২৬
ইনুর ১০ বছরের কারাদণ্ডে আমরা সন্তুষ্ট নই, সাজা বাড়াতে আপিল …
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
  • ৩০ জুন ২০২৬
খাবারে কৃত্রিম রংয়ের ব্যবহার বন্ধ করার ঘোষণা দিল নেসলে
  • ৩০ জুন ২০২৬
জাল সনদে চাকরি, বেতন বন্ধ হওয়া ১৩ শিক্ষকের তালিকা দেখুন এখা…
  • ৩০ জুন ২০২৬