শেরপুরে নিখোঁজ ৫ মাদ্রাসা শিক্ষার্থীর ৩ জনকে পাওয়া গেল মসজিদে

০৮ জুন ২০২৬, ০৯:০৭ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৯:১২ PM
শেরপুরে নিখোঁজ ৫ মাদ্রাসা শিক্ষার্থীর ৩ জনকে উদ্ধার

শেরপুরে নিখোঁজ ৫ মাদ্রাসা শিক্ষার্থীর ৩ জনকে উদ্ধার © সংগৃহীত ও সম্পাদিত

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার তিনানী বাজার বড় মসজিদ এলাকা থেকে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এতে উদ্বেগে থাকা পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে একসঙ্গে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে পরিবারগুলো বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরপরই নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তৎপর হয় পুলিশ। বিকেলে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অনুসন্ধান কার্যক্রম শুরু করে। একপর্যায়ে সন্ধ্যার পর উপজেলার তিনানী বাজার বড় মসজিদে তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থীরা বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান তিন শিক্ষার্থী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নালিতাবাড়ীতে গত ১২ দিনের ব্যবধানে পাঁচ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে সর্বশেষ নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে উদ্ধারের মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরলেও আগে নিখোঁজ হওয়া অপর দুই শিক্ষার্থীর সন্ধান এখনও মেলেনি।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬