নতুন এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় ভ্যানের টোল আদায় বন্ধ, চালকদের স্বস্তি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ PM
ভ্যান নিয়ে বের হয়েছেন কয়েকজন

ভ্যান নিয়ে বের হয়েছেন কয়েকজন © টিডিসি

‘সকালবেলা খালি পকেটে ভ্যান নিয়ে বের হয়েছি। হঠাৎ ভ্যান থামিয়ে টোলের টাকা চায় ইজারাদারের লোকজন। পরে দিচ্ছি বললেও তারা ছাড়ে না, ১০ টাকা না দিলে যেতে দেবে না। তখন নিরুপায় হয়ে ছোটাছুটি করে পরিচিত এক লোকের কাছ থেকে দশ টাকা ধার করে টোলের টাকা দিই। কিন্তু দুই দিন ধরে এ রকম হচ্ছে না। কারণ ভ্যানচালকদের কাছ থেকে ইজারাদারের লোকজন টাকা নিচ্ছে না। জানতে পেরেছি গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নতুন এমপি এসএম জিলানী ভ্যানচালকদের থেকে টাকা নিতে নিষেধ করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাদের মাফ করেছে।’

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে এভাবে কথাগুলো বলছিলেন লেবুতলা গ্রামের ভ্যান চালক মোস্তাইন শেখ। টোলের টাকা মওকুফ হওয়ায় শুধু তিনিই নয়, তার মতো আরও অনেক ভ্যান চালক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

জানা যায়, ২০১৮-১৯ সাল থেকে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকার মধ্যে ভ্যান ঢুকলেই ১০ টাকা করে দিতে ইজারাদারের লোকজনকে। টুঙ্গিপাড়া পৌর এলাকার বালাডাঙ্গা ব্রিজ, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ ও পাটগাতী বাজারে ইজারাদারের লোকজন দাঁড়িয়ে ভ্যানচালকদের থেকে ১০ টাকা করে আদায় করতেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী নির্বাচিত হয়েই ১৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও ইউএনওর সঙ্গে কথা বলে ইজারাদার লোকজনকে ভ্যানচালকদের কাছ থেকে টোল নিতে নিষেধ করেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ভ্যানচালকদের কাছ থেকে টোল না নেওয়ায় স্বস্তি ফিরেছে বিভিন্ন এলাকার ভ্যানচালকদের মধ্যে।

পৌর এলাকার পাচকাহনিয়া গ্রামের ভ্যান চালক তুহিন শেখ বলেন, ‘ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাত্রী পাই বা না পাই, রোজগার হোক বা না হোক টোলের লোকজনকে ১০ টাকা দিতেই হবে। পরে দিচ্ছি বললেও ছাড়ে না। নতুন এমপির নির্দেশে দুই দিন ধরে ভ্যানচালকদের কাছ থেকে টাকা নিচ্ছে না ইজারাদারের লোকজন। আল্লাহ আমাদের মাফ করেছে।’

চিতলমারীর কুনিয়া গ্রামের ভ্যানচালক সেলিম মোল্লা বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা ভ্যানচালকেরা চাইছিলাম ঢোলটা বন্ধ হোক, কিন্তু কাজ হয়নি। নতুন এমপি নির্দেশে এবার টোল নেওয়া বন্ধ হয়েছে এতে আমরা খুবই খুশি। চৌরঙ্গী ব্রিজের টোল টা বন্ধ হলে আমাদের আরও ভালো হবে।’

জোয়ারিয়া গ্রামের ভ্যানচালক অনিমেষ বলেন, ‘টোলে ১০ টাকা দেওয়ার কারণে আমরা যাত্রীদের কাছ থেকেও আমরা টাকা বেশি নিতাম। যার কারণে প্রায়ই যাত্রীদের সঙ্গে তর্কবিতর্ক হতো। এখন টল দেওয়া লাগবে না তাই যাত্রীদের থেকেও কম টাকা নেব। টোল বন্ধ হওয়ায় আমরা খুবই আনন্দিত।’

গোপালগঞ্জ ৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গণসংযোগে গেলে অধিকাংশ ভ্যানচালক টোলের বিষয়ে বলতেন। তখন তাদের কথা দিয়েছিলাম নির্বাচিত হলে টোল বন্ধ করে দেব। টুঙ্গিপাড়ার খেটে খাওয়া মানুষের ওপর যেন অযৌক্তিক কোনো আর্থিক চাপ না থাকে, সেই জন্য গোপালগঞ্জের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ইজারাদারকে ভ্যান চালকদের কাছে থেকে টোল নিতে নিষেধ করেছি। সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাকে। তাই মানুষের জন্য কাজ করতে চাই। খেটে খাওয়া মানুষের স্বার্থে আগামীতেও জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।’

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, আলোচনা করে গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী ভ্যান চালকদের কাছ থেকে টোল নিতে নিষেধ করেছেন। তাই তাদের থেকে টোল নিচ্ছে না ইজারাদারের লোকজন। বর্তমান ইজারাদারের মেয়াদ শেষ হলে নতুন টেন্ডার আহ্বান করা হবে। তখন বিষয়টি আলোচনা করে স্থায়ীভাবে সমাধান করা হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950