ভোটের টানা ছুটিতে ঘরমুখী মানুষের স্রোত, গাজীপুরে যানজট ও ভাড়া নৈরাজ্য

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ PM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর অংশে তীব্র যানজটে আটকা পড়ে বিভিন্ন যানবাহন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর অংশে তীব্র যানজটে আটকা পড়ে বিভিন্ন যানবাহন © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি দপ্তর ও শিল্পকারখানায় টানা চার দিনের ছুটি শুরু হওয়ায় গাজীপুরের মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের ধীরগতির কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গগামী হাজারো যাত্রীকে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানবাহনের সারি। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত কালিয়াকৈরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি।

কোথাও যানবাহন পুরোপুরি থমকে দাঁড়িয়ে আছে, আবার কোথাও চলছে অত্যন্ত ধীরগতিতে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কয়েকশ শিল্পকারখানা একযোগে ছুটি ঘোষণার পর থেকেই এ যানজটের সৃষ্টি হয়, যা মঙ্গলবার সকালে আরও প্রকট আকার ধারণ করে।
যানজটের সুযোগে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা। 

সজিব হোসেন নামের এক যাত্রী জানান, যেখানে স্বাভাবিক ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা, সেখানে এখন ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এতে নিম্ন আয়ের যাত্রী ও পোশাক শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পোশাক শ্রমিকদের অভিযোগ, পরিবহন মালিক ও চালকরা সিন্ডিকেট গড়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে।

যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। 

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাউগাতুল আলম বলেন, নির্বাচনের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে ঢাকা ছাড়ায় মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমরা কঠোরভাবে নজরদারিতে রেখেছি। বাড়তি ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টানা ছুটির আনন্দকে ম্লান করে দিচ্ছে দীর্ঘ যানজট ও অতিরিক্ত ভাড়ার বিড়ম্বনা। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও নিরাপদ ও স্বস্তিতে বাড়ি ফেরা নিয়ে উদ্বেগে রয়েছেন হাজারো ঘরমুখী মানুষ।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬