ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী আটক

২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ PM
আটক রোহিঙ্গা নারী

আটক রোহিঙ্গা নারী © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাতীয় পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, সুফিয়া আক্তার নামধারী ওই নারী নিয়মিত প্রক্রিয়ায় সিরিয়াল নেন। তবে তার সঙ্গে কোনো অভিভাবক না থাকায় শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক হয়ে ওঠে। পরে তাকে ডেকে অফিসের উপপরিচালক (ডিডি) মনিরুজ্জামানের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিকভাবে সুফিয়া আক্তার জন্মসনদ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সনদ এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত কাগজপত্র উপস্থাপন করেন। কিন্তু কথাবার্তায় অসামঞ্জস্যতা দেখা দিলে কর্তৃপক্ষ আরও বিস্তারিত জানতে চান।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের গ্রামের ঠিকানা স্পষ্টভাবে বলতে ব্যর্থ হন। পরবর্তীতে স্বীকার করেন—সকালেই তিনি কক্সবাজারের রামু উপজেলার একটি রোহিঙ্গা শিবির থেকে ব্রাহ্মণবাড়িয়া এসেছেন।

পাসপোর্ট অফিস কর্মকর্তারা জানান, স্থানীয় এক ব্যক্তি তাকে পাসপোর্ট করতে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত কাগজপত্রও সরবরাহ করে। কাগজপত্রগুলো প্রথম দৃষ্টিতে বৈধ মনে হলেও সংশ্লিষ্ট নারীর বক্তব্য ও আচরণে সন্দেহ তৈরি হয়।

উপপরিচালক মনিরুজ্জামান বলেন,ওই নারী পাসপোর্টের সিরিয়াল নিলেও তার সঙ্গে কোনো অভিভাবক ছিল না। কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় আমরা বিস্তারিত জানতে চাই। শেষ পর্যন্ত সে স্বীকার করে যে সে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর পাসপোর্ট অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কীভাবে একটি রোহিঙ্গা নারী বৈধ কাগজপত্র সংগ্রহ করল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

সব মাদ্রাসা অধ্যক্ষকে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬