বাস উল্টে ঢুকে পড়ল দোকানে, মর্মান্তিক দুর্ঘটনা

০২ অক্টোবর ২০২৫, ১২:২৯ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:২৯ PM
বাস উল্টে ঢুকে পড়ল দোকানে

বাস উল্টে ঢুকে পড়ল দোকানে © টিডিসি ফটো

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গিয়ে সড়কের পাশের দোকানে পড়েছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-ফেনীর দাগনভূঞা উপজেলার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর এখনো পরিচয় মেলেনি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানের ভেতরে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে আহতদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মূলত বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬