গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন আজ বুধবার তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করেছে।
র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি।
এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ এ বাংলাদেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জনসহ সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও গাকৃবি ধারাবাহিক সাফল্য পেয়েছে।
সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই র্যাঙ্কিংয়ে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে রয়েছে গাকৃবি।
এ ছাড়া THE ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি। আবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি।
র্যাঙ্কিং বিষয়ে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপাচার্য আরো বলেন, “র্যাঙ্কিং আমাদের কাছে শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়, বরং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করার একটি দর্পণ। গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”