প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব © সংগৃহীত
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউসি) আয়োজিত ‘ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক প্রশিক্ষণটি ১৫ ও ১৬ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এম এ হান্নান ও সঞ্চালনা করেন আইকিউসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের সফট স্কিল, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে। ওবিই পদ্ধতি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে দেশের দক্ষিণাঞ্চলের কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী, বাস্তবভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম প্রণয়ন জরুরি।
তিনি বলেন, বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও কারিকুলাম অনুসরণ করে খুকৃবিতে আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। শিক্ষা ও গবেষণার সমন্বিত বিকাশের মাধ্যমে খুকৃবিকে একটি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদ রেজা। তিনি ওবিইর ধারণা, প্রোগ্রাম ও কোর্সের কাঙ্ক্ষিত শিক্ষণফল নির্ধারণ, কারিকুলাম ডিজাইন, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং ওবিইভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণে খুকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকেরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মো. আবদুল আলীম, অধ্যাপক ড. মোহাম্মদ মুশাররাফ উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়াহ, অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপক ড. মো. হারুন আর রশীদ, অধ্যাপক মো. শরীফ আর রাফি, অধ্যাপক ড. মোহাম্মদ শাফি উল্লাহ, অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল হক, অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, অধ্যাপক ড. হারুনুর রশীদ ও অধ্যাপক ড. মো. আমিনুর রহমান।
প্রশিক্ষণে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওবিইভিত্তিক কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়ন এবং দেশীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের উপযোগী মানবসম্পদ গড়ে তোলার পথ আরও সুগম হবে।