মাথা ও হাতে লাল কাপড় বেঁধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো
স্বতন্ত্র কোডসহ চার দফা দাবিতে টানা ১০ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। আন্দোলনের দশম দিনে প্রতীকী প্রতিবাদ হিসেবে শিক্ষার্থীরা মাথা ও হাতে লাল কাপড় বেঁধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রদক্ষিণ করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জানান, দাবিগুলোর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।
এর আগে, গত ৫ জুলাই চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে- কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) ডিগ্রিধারীদের জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগসংক্রান্ত জটিলতার সমাধান।
এছাড়াও রয়েছে ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, পাশাপাশি ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শেকৃবির ১৮ জন কম্বাইন্ড ডিগ্রিধারী প্রার্থী প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনের ভালো অগ্রগতি হয়েছে। আশা করি খুব দ্রুত ইতিবাচক ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারব। তবে দৃশ্যমান কোনো ফলাফল না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ আমরা মাথায় লাল কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছি।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুস্পষ্ট ও কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি এবং আন্দোলন অব্যাহত থাকবে।