শেকৃবির গবেষণা

ক্লোয়াকায় টিকা প্রয়োগে ৫০% বেশি অ্যান্টিবডি উৎপাদনের সম্ভাবনা

০৮ জুন ২০২৬, ১২:১৩ PM
গবেষণাটি পরিচালনা করে শেকৃবির এনাটমি, হিস্টোলজি ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মাসুমের নেতৃত্বাধীন একটি গবেষক দল

গবেষণাটি পরিচালনা করে শেকৃবির এনাটমি, হিস্টোলজি ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মাসুমের নেতৃত্বাধীন একটি গবেষক দল © সংগৃহীত

বাংলাদেশের পোলট্রি শিল্পে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক গবেষণা। মুরগির ক্লোয়াকায় টিকা প্রয়োগের মাধ্যমে প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি অ্যান্টিবডি উৎপাদনের সম্ভাবনা পাওয়া গেছে বলে গবেষণায় উঠে এসেছে।

গবেষণাটি পরিচালনা করেন শেকৃবির এনাটমি, হিস্টোলজি ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মাসুমের নেতৃত্বাধীন একটি গবেষক দল। গবেষণার ফলাফল সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা সাময়িকী Heliyon-এ প্রকাশিত হয়েছে।

গবেষকদের মতে, বাংলাদেশে পোলট্রি খাতে গামবোরা (ইনফেকশিয়াস বারসাল ডিজিজ-আইবিডি) ও রানিখেত (নিউক্যাসল ডিজিজ-এনডি) রোগ দীর্ঘদিন ধরে বড় চ্যালেঞ্জ হিসেবে বিদ্যমান। এসব রোগের কারণে প্রতি বছর খামারিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। প্রচলিত টিকাদান পদ্ধতিতে সাধারণত নির্দিষ্ট অঙ্গ বা সিস্টেমে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলেও ক্লোয়াকাল রুটে টিকা প্রয়োগের মাধ্যমে শরীরের বিভিন্ন মিউকোসাল টিস্যু এবং সিস্টেমিক সঞ্চালনে একযোগে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা সম্ভব হতে পারে।

গবেষণায় দেখা গেছে, মুরগির ক্লোয়াকা পরিপাকতন্ত্র, মূত্রতন্ত্র ও প্রজননতন্ত্রের মিউকোসাল টিস্যুর সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ কারণে এখানে টিকা প্রয়োগ করলে শরীরের বিভিন্ন অংশে সমন্বিত রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়। গবেষকরা ক্লোয়াকার ল্যামিনা প্রোপ্রিয়ায় লিম্ফ্যাটিক নোডিউল ও ডিফিউজ লিম্ফ্যাটিক টিস্যুর উপস্থিতি শনাক্ত করেছেন, যেখানে বি-লিম্ফোসাইট, টি-লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ ও মনোসাইটের মতো গুরুত্বপূর্ণ প্রতিরোধক কোষ বিদ্যমান।

২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এ গবেষণার মূল লক্ষ্য ছিল ক্লোয়াকা-ভিত্তিক টিকাদানের মাধ্যমে সিস্টেমিক ও মিউকোসাল অ্যান্টিবডি উৎপাদন বৃদ্ধি করা এবং আইবিডি ও এনডি রোগ প্রতিরোধে এর কার্যকারিতা মূল্যায়ন করা। গবেষণায় ইমিউনোফ্লুরোসেন্স স্টেইনিং, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং এলাইজা (ELISA) পরীক্ষাসহ আধুনিক বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়।

বর্তমানে পোলট্রি খাতে পেশীতে ইনজেকশন, স্প্রে এবং পানির সঙ্গে বা মুখে টিকা প্রয়োগের পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। কিন্তু গবেষণার ফলাফলে দেখা গেছে, ক্লোয়াকাল রুটে টিকা প্রয়োগের ফলে সিস্টেমিক ও মিউকোসাল—উভয় ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বারসা অব ফ্যাব্রিসিয়াসে তুলনামূলক কম ক্ষতি হওয়ায় এ পদ্ধতিকে কম সাইটোটক্সিক বলেও উল্লেখ করেছেন গবেষকরা।

গবেষকদের মতে, বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচিতে ক্লোয়াকাল পদ্ধতি বিশেষ সুবিধা দিতে পারে। ভেন্ট সেক্সিংয়ের সময়ই টিকা প্রয়োগ করা সম্ভব হওয়ায় অতিরিক্ত হ্যান্ডলিংয়ের প্রয়োজন কমে যাবে। ফলে শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি বাচ্চা মুরগির ওপর চাপও কম পড়বে। একই সঙ্গে প্রতিটি মুরগিকে সমানভাবে টিকা দেওয়া সম্ভব হওয়ায় টিকাদানের কার্যকারিতা বাড়তে পারে।

গবেষণা দলে অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম ছাড়াও রূপা আক্তার, সুব্রত বিশ্বাস, মো. জহির উদ্দিন রুবেল, সুজন কুমার সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, হোসেন এম. গোলবার, মো. ইমতিয়াজ আলম, মো. আব্দুর রকিব এবং মো. জহিরুল ইসলাম খান যুক্ত ছিলেন। গবেষণাটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হয়েছে।
তবে গবেষকরা জানিয়েছেন, প্রযুক্তিটি এখনো সব ধরনের সংক্রামক রোগের বিরুদ্ধে পরীক্ষা করা হয়নি। দীর্ঘমেয়াদি কার্যকারিতা, টিকার স্থায়িত্ব এবং বাণিজ্যিক প্রয়োগের সম্ভাবনা যাচাইয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম বলেন, ‘ক্লোয়াকাভিত্তিক এই টিকাদান পদ্ধতি পোলট্রি শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ভবিষ্যতে এটি শুধু ব্রয়লার নয়, অন্যান্য পোলট্রি ও গৃহপালিত প্রাণীর ক্ষেত্রেও ব্যবহারযোগ্য হতে পারে।’

গবেষকদের আশা, মাঠপর্যায়ে সফল যাচাই-বাছাই শেষে প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে দেশের পোলট্রিশিল্পে রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং খামারিদের উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনকতা বাড়াতে সহায়তা করবে।

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধ…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence