৪৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা

১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়া হচ্ছে। এ অবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বড় বড় বিশ্ববিদ্যালয় তাতে সাড়া দেয়নি।

যদিও অধিকাংশ বিশ্ববিদ্যালয় সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে।

ইউজিসির তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৮টি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতকের শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় না। এর পাশাপাশি আরও দুটি বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি কার্যক্রম শুরু হয়নি।

ফলে ৫১টি বিশ্ববিদ্যালয়ে এবার সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বড় বড় বিশ্ববিদ্যালয় তাতে সাড়া দিচ্ছে না।

আগামী ১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রকাশ হবে ডিসেম্বরের শেষে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

  • ভর্তির সুযোগ পাবেন ৪৬ বিশ্ববিদ্যালয়ে

জিএসটি গুচ্ছে এবার ২৪ বিশ্ববিদ্যালয়, মার্চে ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও চারটি নতুন করে যুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবারের জিএসটি গুচ্ছের কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মার্চে ভর্তি পরীক্ষা হওয়ায় সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

গতবার গুচ্ছে ছিল ২০ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ঈদের পর হতে পারে কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। তবে সেটি পিছিয়ে যেতে পারে। আগামী মার্চে রোজার ঈদের পরপরই ভর্তি পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, আগামী ১৫ নভেম্বর কৃষি গুচ্ছের উপাচার্যদের একটি সভা রয়েছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সর্বশেষ গত শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে মোট ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এরমধ্যে ছিল-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। 

এর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি ও কৃষি উভয় গুচ্ছে অংশ নেয়।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারীরা জবি ও কুবির পরীক্ষার আবেদন করতে পারবেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করবে ১ জানুয়ারি। বিভিন্ন অনুষদের পরীক্ষা চলবে ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি পর্যন্ত। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গত বুধবার বিশ্ববিদ্যালয়টি এ সিদ্ধান্ত নিয়েছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, এক বা দুই বিষয়ে ফেল শিক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে স্নাতকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর সাপ্লিমেন্টারিতে ফেল করলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। যে সকল শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাও আবেদন করতে পারবেন বলে জানা গেছে।

হাবিপ্রবির পরীক্ষা ২৮ জানুয়ারি
পূর্বঘোষিত সময় অনুযায়ী, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পরীক্ষা ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২৮ জানুয়ারি। ফলে সহজেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণরা চবি, রাবি ও শাবিপ্রবিতে অংশ নিতে পারবেন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই শিক্ষার্থীরা সহজেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ এবং ভর্তির ন্যূনতম জিপিএসহ অন্যান্য যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবেদন করতে পারবেন। তবে এর আগে চাইলে তারা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (অ্যাডমিশন পোর্টাল) ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করতে পারবেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি
৫২ দিন আগে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু করেন শিক্ষার্থীরা। পরে এতে অংশ নেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরাও।

এই ভিসি পরিবর্তনকে কেন্দ্র করে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি এই বিশ্ববিদ্যালয়ে। তবে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন বলেছেন, আগামী বছরের ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পরীক্ষা আরও পিছিয়ে ফেব্রুয়ারির পর আয়োজনের পরামর্শ দিয়েছিল। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উপাচার্যের অনুমতি ছাড়া ভর্তি পরীক্ষা আয়োজনের সুযোগ নেই। কারণ, ভর্তি পরীক্ষার সঙ্গে বেশ কয়েকটি ধাপ ও প্রশাসনিক প্রক্রিয়া জড়িত।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক-স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ফলে এ  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

রুয়েট ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২০২৭ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জানুয়ারি ধরা হয়েছিল। তবে এখনও ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ জানানো হয়নি। ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো হলে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষারও তারিখ ঘোষণা হয়নি
সাধারণত, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে। সে হিসেবে এবার মার্চে শেষ হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ কারণে এ দুটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

জানুয়ারির শুরুতে বিইউপি ভর্তি পরীক্ষা, এমআইএসটির ভর্তি পরীক্ষা পিছিয়েছে
পূর্বসূচিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের শুরুতে অনুষ্ঠিত হবে।

তবে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানে আবেদন শুরু হবে ৫ জানুয়ারি থেকে।

প্রায় দুই মাস পেছাল একটি অভিয়েশন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ প্রায় দুই মাস পিছিয়ে দিয়েছে দেশের একমাত্র বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন সেটি পিছিয়ে ৩০ জানুয়ারি করা হয়েছে। এর ফলে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

জানুয়ারির শেষে বুটেক্সে ভর্তি পরীক্ষা
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, ২৯ জানুয়ারি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফলে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

  • ভর্তির সুযোগ পাবেন না ৫ বিশ্ববিদ্যালয়ে

পূর্বসূচিতে ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। এছাড়া বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। গত অক্টোবর এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে। অপরদিকে বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। 

ফলে ঘোষিত সময় মেনে আবেদন ও পরীক্ষা হলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি। ফলে সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

  • ১০ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্নাতকের শিক্ষার্থী ভর্তি নেওয়ার সুযোগ নেই

৮ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্নাতকের শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় না
৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়) পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্নাতকের শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় না। 

দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়নি
দুটি বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি কার্যক্রম শুরু হয়নি। এ দুটি হলো-নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়

৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‎মাদরাসা থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, এবার নির্মাতা-সংগীত…
  • ১৩ নভেম্বর ২০২৬
আসামে ট্রাক-বাস সংঘর্ষে নিহত অন্তত ২৪
  • ১৩ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট…
  • ১৩ নভেম্বর ২০২৬
২২৪ জনের নাম উল্লেখ করে মামলা, অজ্ঞাত আসামি ২ হাজার; গ্রেপ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘চাঁদা না দিলে, যেখানে পাব গুলি করব’— ইসলামী ফ্রন্ট নেতাকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950