কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দিন-রাত যেকোনো সময় ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এমনকি সরকারি ছুটির দিনেও আবেদন প্রক্রিয়া চালু থাকবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে আগে ঘোষণা করা ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১৫ নভেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময়সূচিতে পরিবর্তন এনে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।