জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই হচ্ছে। আজ বুধবার ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত থাকা তিনজন ডিন দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ বিষয়ে আজ ভর্তি কমিটির সভা আহ্বান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এদিন সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কনফারেন্স কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদের ডিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইচএসসির অকৃতকার্য, পুনর্নিরীক্ষার পরীক্ষায় ফলাফল পরিবর্তন ও শর্তপূরণ হলেই তারা পরীক্ষা দিতে পারবে।’
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। চলবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।
পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই-এর মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। এবার সব ইউনিটের পরীক্ষা বিভাগীয় শহর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ইউনিটভেদে পরীক্ষার তারিখ
ইউনিট-এ-এর পরীক্ষা হবে ১ জানুয়ারি ২০২৭ (শুক্রবার)। ইউনিট-ই-এর পরীক্ষা হবে ৮ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-বি-এর পরীক্ষা হবে ১৫ জানুয়ারি (শুক্রবার)। ইউনিট-সি-এর পরীক্ষা হবে ২২ জানুয়ারি (শুক্রবার)। সর্বশেষ ইউনিট-ডি-এর পরীক্ষা হবে ২৩ জানুয়ারি (শনিবার)।
আবেদনকারীদের যোগ্যতা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ আবেদনের ক্ষেত্রে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি-এর জন্য এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। একই সঙ্গে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে এবং কোনো পরীক্ষায় জিপিএ ২.৭৫-এর কম হওয়া যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ইউনিট ই-এর ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। এছাড়া সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়।