জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত সময়সূচি ও শিডিউল এখনো বহাল রয়েছে এবং আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত এলে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, উপাচার্য মহোদয় বর্তমানে বিদেশে অবস্থান করছেন। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় হয়ত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও আমাদের স্বাভাবিক কার্যক্রম ও কাজ চালু রাখতে হবে।’
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রথম সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।