মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি!

২৮ নভেম্বর ২০২৩, ০৬:০৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি আয়োজন করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছিল। তবে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী সমস্যা বিবেচনায় ৯ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় চাইলে এর আগেও ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

‘মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে’—অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর 

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসের শেষ শুক্রবার (২৬ জানুয়ারি) এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজন করতে। তবে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন থাকায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজ শেষ করা কষ্টসাধ্য হবে। সেজন্য ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের প্রস্তাব হলো- ৯ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজন করার। তবে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এর আগে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলে আমরা সে অনুযায়ী পরীক্ষা আয়োজন করব।’

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।’

অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল

তিনি আরও বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।’

এর আগে গত ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ১২ মার্চ ফলাফল প্রকাশিত হয়। এতে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬