আন্তঃশিক্ষা বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত
‘আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে’—এমন তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
ঢাকা শিক্ষা বোর্ডের নামে প্রচারিত ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সঙ্গে।
তিনি জানান, চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আগামী দু-এক দিনের মধ্যে ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানা যাবে। ফলে আগামী ২৯ অক্টোবর ফল প্রকাশের যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে, তা সত্য নয়। এ ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড থেকে দেওয়া হয়নি।
এদিকে, বৃহস্পতিবার রাতে ভুয়া বিজ্ঞপ্তিটি নিয়ে সতর্ক করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় প্রকাশিত হবে বলে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।
এতে সবাইকে অনুরোধ জানিয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পরীক্ষা ও ফলাফল-সংক্রান্ত সব সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনস্বার্থে সবাইকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’