যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন ও পাস করেছে ৩৮০ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে খাতা পুনর্নিরীক্ষণে ফলাফল দেওয়ার সময় এসব তথ্য তুলে ধরেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ২৫ বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে ১ হাজার ৬৮৪ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন ও পাস করেছে ৩৮০ শিক্ষার্থী। নতুন করে পাস করা ৩৮০ জনের মধ্যে ‘এ’ গ্রেড পেয়েছে ১ জন, ‘এ-’ পেয়েছে ৩ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ৩৩ জন, ‘সি’ গ্রেড পেয়েছে ১৯ জন, ‘ডি’ গ্রেড পেয়েছে ৩২৪ জন।
এ ছাড়া ফলাফল পরিবর্তিতদের মধ্যে ‘ডি’ থেকে ‘এ-’ পেয়েছে ১ জন ও ‘সি’ গ্রেড পেয়েছে ১৪ জন। ‘সি’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছে ১ জন, ‘এ-’ পেয়েছে ১ জন ও ‘বি’ গ্রেড পেয়েছে ৬৫ জন। ‘বি’ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ১২ জন ও ‘এ-’ পেয়েছে ১৫০ জন। ‘এ-’ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন ও ‘এ’ গ্রেড পেয়েছে ৩০৮ জন। ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষা বোর্ডে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এবারই প্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা আবার মূল্যায়ন করা হয়েছে। ফলে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫-এর সংখ্যাও বেশ কিছু বেড়েছে। যেসব শিক্ষকের ত্রুটির জন্য এসব ভুল হয়েছিল, সেসব শিক্ষকদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না।’